
ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন প্যাট্রিক ভিয়েরা। ফরাসি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয় করলেও তার জন্ম আফ্রিকার দেশ সেনেগালে। মাত্র আট বছর বয়সে পরিবারের সঙ্গে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এবার জন্মভূমির টানে আবারও আফ্রিকার ফুটবলে ফিরলেন ভিয়েরা। তবে ফুটবলার হিসেবে নয়, এবার সেনেগাল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।
তিন দেশের যৌথ আয়োজনে গত মাসে শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পর সেনেগালের কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করা হয়। তার জায়গায় নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর্সেনালের সাবেক এই তারকা মিডফিল্ডারকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ভিয়েরাকে নতুন কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তবে তার সঙ্গে চুক্তির মেয়াদ কিংবা অন্যান্য শর্ত সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
খেলোয়াড়ি জীবনে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও ইউরো জেতা ভিয়েরা কোচ হিসেবেও ইউরোপের বিভিন্ন ক্লাবে কাজ করেছেন। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ জন্মভূমি সেনেগালের জাতীয় দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়া।
আরটিভি/এসকে




