
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড় ও একজন টিম কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় স্পেনের মিডফিল্ডার গাভিকেও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ফিফা ডিসিপ্লিনারি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ, থিয়াগো আলমাদাকে দুই ম্যাচ এবং আর্জেন্টিনা কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্পেনের গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচের।
ফলে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের মোট নিষেধাজ্ঞা দাঁড়িয়েছে ১৯ ম্যাচে।
নিউ জার্সিতে অনুষ্ঠিত অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পরই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্পেনের বদলি খেলোয়াড়েরা উদযাপনের জন্য মাঠে প্রবেশ করলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন পারেদেস।
ঘটনার পর পারেদেসের বিরুদ্ধে তিনটি অসদাচরণ ও শারীরিক আক্রমণের অভিযোগ আনা হয়। মোলিনার বিরুদ্ধে ছিল দুটি অভিযোগ। অন্যদিকে আলমাদা, আয়ালা ও গাভির বিরুদ্ধে একটি করে অসদাচরণের অভিযোগ আনা হয়েছিল। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর শুনানি শেষে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় ফিফা।
নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে অভিযুক্তদের। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। এছাড়া আলমাদা, আয়ালা ও গাভিকে ৩০ হাজার মার্কিন ডলার করে জরিমানা দিতে হবে।
তবে স্বস্তির বিষয় হলো, এই নিষেধাজ্ঞা শুধু আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে পারেদেস, মোলিনা, আলমাদা ও গাভি নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে পারবেন।
শুধু ফাইনালের সংঘর্ষ নয়, পুরো টুর্নামেন্টজুড়েই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত চালায় ফিফা। অভিযোগগুলোর মধ্যে ছিল বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুর সময় বিলম্ব, নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শন।
বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের দায়ে এএফএকে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি আর্জেন্টিনাকে তাদের পরবর্তী দুটি হোম ম্যাচ ৫০ শতাংশ দর্শক ধারণক্ষমতায় আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
মোট জরিমানার অর্থের মধ্যে ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী একটি পরিকল্পনায় বিনিয়োগ করতে হবে বলেও জানিয়েছে ফিফা।
আরটিভি/এসকে




