
মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পরও বল হাতে দারুণ লড়াই করছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পর শরিফুল ইসলামের জোড়া আঘাতে শুরুতেই চাপে পড়েছে অস্ট্রেলিয়া।
ইনিংসের তৃতীয় ওভারে বাংলাদেশের হয়ে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তার বলে ম্যাট রেনশের ক্যাচ স্লিপে নেন তানজিদ হাসান তামিম। জেক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া রেনশ করেন মাত্র ৮ রান। ২২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর অষ্টম ওভারে বল হাতে এসেই আঘাত হানেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলেই অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেডকে ফেরান তিনি। ইনসাইড এজ হয়ে বোল্ড হওয়ার আগে হেড করেন ২২ রান।
চার বলের ব্যবধানে দ্বিতীয় উইকেটও তুলে নেন শরিফুল। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন মার্নাস লাবুশেন। মাত্র ৯ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন এই অজি ব্যাটার।
শরিফুলের জোড়া আঘাতে ৪১ রানেই ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর বল হাতেও বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন শরিফুল।
এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান করার পর বল হাতেও প্রথম স্পেলেই বাজিমাত করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছেন এই বাঁহাতি পেসার।
আরটিভি/এসকে




