
ম্যানচেস্টার সিটি থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলের তরুণ উইঙ্গার সাভিনহোকে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম। বিভিন্ন অ্যাড-অনসহ সর্বোচ্চ আরও ১০ মিলিয়ন পাউন্ড বাড়তে পারে। নিদিষ্ট সময়ের কথা উল্লেখ না করা হলেও, ধারণা করা হচ্ছে টটেনহ্যামের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন সাভিনহো।
টটেনহ্যামে যোগ দিয়ে সাভিনহো বলেন, এই ক্লাবে আসতে পেরে আসি খুবই আনন্দিত। নতুন কোচ রবার্তো দে জের্বির সঙ্গে কথা বলার পরই মনে হয়েছিল, এই ক্লাবেই যোগ দেওয়া উচিত।
এবার টটেনহ্যামের হয়ে তাকে সাভিনহো নয়, সাভিও নামে খেলতে দেখা যাবে। এর আগে জিরোনায়ও তার জার্সির পেছনে সাভিও লেখা থাকতো। প্রিমিয়ার লিগে আসার সময় তিনি সাভিনহো নামটি বেছে নিয়েছিলেন।
টটেনহ্যামের স্পোর্টিং ডিরেক্টর ইয়োহান লাঙ্গে বলেছেন, সাভিও এমন একজন খেলোয়াড় যিনি দীর্ঘদিন ধরেই আমাদের নজরে ছিলেন এবং এখন তাকে দলে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি তার দক্ষতা, খেলার ধরন এবং মানসিকতা আমাদের সঙ্গে সাথে দারুণভাবে মানিয়ে নেবে।
তিনি আরও বলেন, আমি জানি, প্রতিবার যখনই বল তার পায়ে আসবে, তিনি আমাদের সমর্থকদের আনন্দিত করবেন। রবার্তোর কোচিংয়ে তার এই উন্নয়ন দেখার জন্য আমি মুখিয়ে আছি।

এই ব্রাজিল ফুটবলারকে পেয়ে মহা খুশি হেড কোচ রবার্তো দে জের্বিও। তার ভাষ্য, সাভিও এমন একজন খেলোয়াড় যিনি উইংয়ে শক্তি, কল্পনাশক্তি ও মান নিয়ে আসেন। রক্ষণভাগের খেলোয়াড়দের চ্যালেঞ্জ করার মতো সাহস এবং তার সৃজনশীলতা দিয়ে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা তার রয়েছে।
তিনি আরও বলেন, তাকে আমাদের সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। তার সাথে কাজ করতে, তার আরও উন্নতিতে সাহায্য করতে এবং দলে তার ব্যক্তিত্বের প্রভাব দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
২০২৪ সালে ফরাসি ক্লাব ট্রয়েস থেকে ৩০.৮ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দিয়েছিলেন সাভিনহো। ক্লাবটির হয়ে মোট ৮৪ ম্যাচে ৭ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন তিনি।
আরটিভি/এসআর


