
অপেক্ষা ফাইনাল ম্যাচের। মেয়েদের সাফল্যে এবার চূড়ায় ওঠার অপেক্ষা। ছেলেরা যখন দেরাদুনের দুঃসহ স্মৃতি নিয়ে ঘরে ফিরেছে, মেয়েরা তখন একই জার্সি গায়ে একের পর এক জয়ে পৌঁছে গেছে এশিয়া কাপের ফাইনালে। ফাইনালে যাওয়ার পথটা অবশ্য এতটা সহজও ছিল না। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে খেলা ছিল বিধায় সব দলের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে।
এবারের এশিয়া কাপও হচ্ছে গত দুই আসরের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগের চার আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। আগে পরের সব আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। চারবার ফাইনালে গিয়েছিল শ্রীলঙ্কা আর বাকি দুইবার ফাইনাল খেলেছে পাকিস্তান।
এবারের আসরের প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হয় চারবারের ফাইনাল খেলা শ্রীলঙ্কার। লঙ্কানদের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরে শুরুটা হয় মন খারাপ দিয়ে।
সেই ম্যাচে আগে ব্যাটিং করে মাত্র ৬৩ রানে অল-আউট হয়ে যায় সালমা খাতুনের দল। মামুলি লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে লঙ্কানরা তুলে নেয় আসরের প্রথম জয়।
হার থেকে ঘুরে দাঁড়ানোর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। দুইবারের ফাইনাল খেলা পাকিস্তান দাঁড়াতেই পারেনি বাংলাদেশের সামনে। নাহিদা-সালমাদের বোলিং তোপে ২০ ওভার শেষে পাকিস্তান সংগ্রহ করেছিল ৫ উইকেটে মাত্র ৯৫ রান। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নিয়ে পরের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামে সালমারা। গত ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে দেড়শ’ রানের নিচে আটকানো সম্ভব হয়। ভারতীয়রা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে সক্ষম হয়।
১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ যে এমন সাহসিকতার পরিচয় দেবে সেটা হয়তো ভাবতেই পারেনি ভারত। মাত্র ৩ উইকেট হারিয়ে শেষ ওভারে ঐতিহাসিক জয় তুলে নেয় নারী দল।
এরপর সহজ প্রতিপক্ষ থাইল্যান্ডকেও বিশাল ব্যাবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ। ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার ম্যাচ ছিল এটি।
নিয়মানুযায়ী পয়েন্ট তালিকায় উপরে থাকা দুই দল খেলবে ফাইনাল। বাধ সাধলো পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের অবস্থান এক দুই তিন নম্বরে।
লিগ পর্বের শেষ দিনে বাংলাদেশ মুখোমুখি হয় স্বাগতিক মালয়েশিয়ার। ভারত মুখোমুখি হয় পাকিস্তানের। যেখানে পাকিস্তান ভারতকে হারালেই ঝামেলায় পড়তে হতো বাংলাদেশকে।
সেটি আর হতে হয়নি। ভারতের কাছে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের কাছে হারে স্বাগতিক মালয়েশিয়া। আর এতেই নিশ্চিত হয়ে যায় এশিয়া কাপে বাংলাদেশের স্বপ্নের ফাইনালে পা রাখার। বলা যায় অনেক কাটখড় পুড়িয়ে ফাইনালে উঠতে হয়েছে সালমা-জাহানারাদের।
আগামীকাল কুয়ালালামপুরে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিহাস গড়ে ফাইনালে ওঠা বাংলাদেশ এবার ভারতকে হারিয়ে নতুন ইতিহাসটা গড়েই ফেলুক এই প্রত্যাশায় পুরো জাতি।
এমআর/এএ/কে




