
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গেলো তিন আসরে জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দিয়েছেন জুভেন্টাসে। তুরিনের দলটি ইতালির সব ধরনের শিরোপা নিজেদের করে নিলেও ইউরোপ সেরার লড়াইয়ে ব্যর্থ। তাই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে নিজেদের করে নিয়েছে জুভিরা। লক্ষ্য ইউরোপের সর্বোচ্চ শিরোপাটি ঘরে তোলা। গেল মাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে সাদা-কালো জার্সিতে নেমেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। যদিও ম্যাচের ২৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখ মাঠ ছাড়তে হয় দলটির সবচেয়ে বড় তারকাকে। ওই ম্যাচটি জিতে নিয়েছিল জুভেন্টাস। মঙ্গলবার রাতে ফের মাঠে নামে দলটি। কিন্তু নিষেধাজ্ঞার কারণে সিআর সেভেন না থাকলেও বাজিমাত করেছেন পাউলো দিবালা।
ঘরের মাঠে ইয়ং বয়েজের বিপক্ষে জুভেন্টাস দিয়েছে তিনটি গোল। ম্যাচের ৫, ৩৩ ও ৬৯ মিনিটে গোল করেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড দিবালা।
চলতি মৌসুমে রোনালদো জুভেন্টাসে যোগ দেয়ার পর ইতালির ফুটবল নতুন জোয়ারে ভেসে ওঠে। ফুটবল বিশ্বের বাড়তি আকর্ষণ ছিল সিরি আ’তে। চারিদিকে ছিল উৎসব উৎসব সাজ। যদিও সবচেয়ে বড় ক্ষতিতে পড়েন দিবালা। জুভিদের হয়ে গেল কয়েক মৌসুমে সেরা পারফরম্যান্স করেছেন এই ফরোয়ার্ড। গত আসরে ছিলেন সর্বোচ্চ গোলদাতাও। অথচ এবারের মৌসুমে মূল একাদশেই জায়গা মিলছিল না। মিললেও পছন্দের পজিশনে খেলতে পারছিলেন না আর্জেন্টিনার ‘ভবিষ্যৎ মেসি’ খ্যাত এই তরুণের।
অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ২৫ বছর বয়সী এই তারকা রোনালদোর অনুপস্থিতি টেরই পেতে দেননি। সু্ইজারল্যান্ডের দলটির বিপক্ষে উল্টো তুলে নিয়েছেন হ্যাটট্রিক।
আগামী ২৩ অক্টোবর গ্রুপ ‘এইচ’ এর পরবর্তী ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নামবে জুভেন্টাস। ওই ম্যাচে ফেরার কথা রয়েছে রোনালদোর। এখন দেখার অপেক্ষা দুই তারকার রেসে শেষ পর্যন্ত জয় হয় কার।
আরও পড়ুন :
ওয়াই/পি




