
‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল বিদায় নিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেট থেকে। জ্যামাইকার হয়ে গতকাল ক্যারিয়ারের শেষ ম্যাচে খেলতে নেমেছিলেন বার্বাডোজের বিপক্ষে। এই বিদায়ী ম্যাচেও খেলেন শত রানের ইনিংস।
১৯৯৮ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় ক্যারিবীয় এই ব্যাটিং দানবের। ২০ বছরের এই লিস্ট ‘এ’ ক্যারিয়ারে খেলেছেন ৩৫৬ টি ম্যাচ। ব্যাটিং করেছেন ৩৫০টি ম্যাচে। ৩৮.১৪ গড়ে মোট রান করেছেন ১২৪৩৬ রান। শত রানের ইনিংস খেলেছেন ২৭টি আর অর্ধশত রানের ইনিংস খেলেছেন ৬৫টি। সর্বোচ্চ রান করেছেন ২১৫।
বল হাতেও এই ৩৫৬ ম্যাচে দেখিয়েছেন ঝলক। নিয়েছেন ২২৭টি উইকেট।

নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচে গতকাল বার্বাডোজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে তার দল জ্যামাইকা। ওপেনিং করতে নেমে খেলেন ১১৪ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস। যদিও তার দল খেলতে পারেনি ৫০ ওভার। ৪৭.৪ ওভারে জ্যামাইকার সংগ্রহ ২২৬ রান।
২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জ্যামাইকার চেয়ে ১ বল বেশি খেলেও জিততে পারেনি বার্বাডোজ। ৪৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৩ রান পর্যন্ত তুলতে পারে তারা। ৩৩ রানের জয়ে মাঠ ছাড়ে জ্যামাইকা একাদশ। এদিন ১০ ওভার বল করে ১ উইকেট নেন ক্রিস গেইল।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠে ব্যাটিং দানব ক্রিস গেইলের হাতে।
এমআর/পি




