
সংযুক্ত আরব আমিরাত সফরটা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ ১-০ তে হারার পর এবার টি-টোয়েন্টিতেও বড় ব্যবধান এ হারতে হলো। বুধবার আবুধাবিতে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৬৬ রানের হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে অজিরা।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৩২ রানের মাথায় ছন্দে থাকা ফখর জামানকে ফিরিয়ে দেন বিলি স্ট্যানলেক।
তবে দ্বিতীয় উইকেটের ৭৩ রানের জুটি গড়েন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ।
অভিজ্ঞ হাফিজ ৩০ বলে ৩৯ রানে আউট হন। তবে ম্যাচের শেষ অবধি ক্রিজে টিকে ৫টি চার আর একটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৬৮ রানের ইনিংস খেলেন বাবর।
তবে শেষের দিকে যোগ্য সঙ্গীর অভাবে পাকিস্তানের ইনিংসটা বেশিদূর নিয়ে যেতে পারেননি এই ওপেনার।
১৩০ থেকে ১৩৩ রানের মধ্যে ৫ উইকেট হারালে ১৫০ এর নিচে অলআউট হওয়ার আশঙ্কা জাগে। শেষের দিকে হাসান আলির ৮ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসে ১৫০ রানের সম্মান সূচক স্কোর দাঁড় করায় সরফরাজ আহমেদ নেতৃত্বাধীন দলটি।
অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই টিভি পর্দায় ভেসে আসে পাকিস্তান ৩৯ টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিং করে ১৫০ এর অধিক করে হেরেছে মাত্র ৩টিতে। ঠিক সেরকমই শুরু হলো অস্ট্রেলিয়ারও।
প্রায় একবছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেই প্রথম ওভারে ২ উইকেট তুলে অজিদের মেরুদণ্ড ভেঙে দেন ইমাদ ওয়াসিম। ইনিংসের তৃতীয় বলেই অধিনায়ক ফিঞ্চকে বোল্ড হয়ে ফেরেন।
ইমাদের সঙ্গে যোগ দেন ফাহিম আশরাফও। দুইজন মিলে পাওয়ার প্লের আগেই ৬ ব্যাটসম্যানকে তুলে নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেন অজিদের।
শেষ দিকে নাথান কোল্টার-নাইল ২৯ বলে ৩৪ রানের ইনিংস খেললেও বাকিদের মধ্যে কেউই উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৮৯ রানে অলআউট হয়ে ৬৬ রানের হার মেনে নেয় সফরকারীরা।
২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় ইমাদ ওয়াসিম। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৬ অক্টোবর শুক্রবার দুবাইতে।
আরও পড়ুন :
এস/ওয়াই




