
অস্ট্রেলিয়ান মারমুখী ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি ভিত্তিক দল সিলেট সিক্সার্স। আজ শুক্রবার খবরটি নিশ্চিত করেছেন সিলেটে সিক্সার্স এর সিইও ইয়াসির ওবায়েদ। ওয়ার্নার ছাড়াও তারা দলে নিয়েছেন নেপালের তরুণ স্পিনার সন্দিপ লামিচানেকে।
৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল এর ষষ্ঠ আসরে একটু আগে থেকেই দল গোছানো শুরু করেছে এবারের দলগুলো। সেই ভিত্তিতে সিলেট এখন পর্যন্ত দুই বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে।
ওয়ার্নার প্রসঙ্গে ইয়াসির ওবায়েদ জানান- ‘সে (ওয়ার্নার) একজন অভিজ্ঞ ক্রিকেটার; যে কিনা চাপ সামলে দলকে এগিয়ে নিতে পারবে এবং আমরা আনন্দিত তাকে ড্রেসিংরুমে পেয়ে।’
ওয়ার্নার বর্তমানে বল টেম্পারিং অভিযোগে জাতীয় দল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ আছেন। এই সুযোগে তিনি বিশ্বের সকল প্রান্তের টি-টোয়েন্টি লিগগুলো মাতাচ্ছেন। সম্প্রতি আফগান লিগে খেলেছেন। এছাড়া আইপিএল, বিগব্যাশ, কাউন্টি, পিসিএল সব লিগেই খেলার অভিজ্ঞতা আছে এই টি-টোয়েন্টি স্পেশালিস্টের।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপাজয়ী এই ওপেনার ৭০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৪০ স্ট্রাইকরেটে ১৭৯২ রান করেছেন।
অপরদিকে দ্বিতীয় বিদেশি হিসেবে সিলেটে যোগ দেয়া নেপালের তরুণ লেগস্পিনার সন্দিপ লামিচানেও ধীরে ধীরে টি-টোয়েন্টির ফেরিওয়ালা হয়ে উঠছেন। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস এন্ড নেভিসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।
এস/পি




