
তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে মলিন মুখে সিলেটের বিমান ধরতে হয়েছিল জিম্বাবুয়েকে। সিলেট গিয়েই বাংলাদেশ দল দেখলো অন্য এক জিম্বাবুয়েকে। নিজের দেশে যেন নিজেরাই সফরকারী দল।
সিলেটের অভিষিক্ত মাঠে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের করুণ হার তো তারই প্রমাণ।
এবার অপেক্ষা ঢাকা টেস্টের। জিম্বাবুয়ের ক্ষুধা ২-০ তে সিরিজ জিতে ওয়ানডের হোয়াইটওয়াশের বদলা নেয়া। বাংলাদেশের প্রাণপণ চেষ্টা শেষ ম্যাচটা জিতে সিরিজ ড্র করা।
জয়-পরাজয় সে তো পরে। দুই দলের চাওয়া-পাওয়ায় ম্যাচটা জমে উঠবে ঠিক এটাই প্রত্যাশা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও আজ অন্য এক মাসাকাদজাকে দেখা গেল। সদা হাস্যোজ্জল জিম্বাবুয়ে অধিনায়কের মুখে জয়ের ছাপ যেন সুস্পষ্ট।
জিততে চান ঢাকা টেস্টও। ‘অধিনায়ক হিসেবে আমি প্রত্যেকটা ম্যাচই জিততে চাই। এই ম্যাচ জিতে সিরিজটাও জিততে চাই। আমার প্রত্যাশা আমরা পারবো।’
মাসাকাদজা কথা বলেন মিরপুরের উইকেট নিয়েও। এখানকার উইকেট যেন কাউকেই চেনে না। যেখানে স্বাগতিক দল অন্তত সুবিধা পাওয়ার কথা সেখানে উল্টো আচরণের সম্মুখীন বাংলাদেশও।
‘এখানকার উইকেট আমার অভিজ্ঞতা অনেক। এই মাঠে আমি অনেক খেলেছি। আমার দলের অনেকে যদিও এখানে খেলেনি তবে দ্রুতই বুঝে নিবে। তবে যতটুক দেখেছি তাতে মনে হলো, সিলেটের মতোই উইকেট বানানো হয়েছে।’
এমআর/পি




