
ক্রিকেটে বাংলাদেশকে যদি ‘অভিষেকের দেশ’ বলা হয় সেটা বোধহয় ভুল বলা হবে না। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার পর থেকে গত ১৮ বছরে ১১০টি টেস্টে ৯২ জন ক্রিকেটারের অভিষেক অন্তত তাই বলে।
গড়ে প্রায় প্রতি টেস্টেই একজন খেলোয়াড়ের মাথায় উঠেছে অভিষেকের সবুজ ক্যাপ। এবার হয়ত সংখ্যাটা ৯৩ তে গিয়ে ঠেকছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দ্বিতীয় বারের মতো দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।
প্রথমবার দলে জায়গা পেয়েছিলেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। সে সফরে সাকিব-তামিমদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেই সন্তুষ্ট থাকতে হয় চট্টগ্রামের এই তরুণ অফ-স্পিনারের।
২০০০ সালের ২ ডিসেম্বর জন্ম নেয়া এই অফ স্পিনারের প্রথম শ্রেণী ক্রিকেটের ক্যারিয়ার শুরু হয় ২০১৭ সালের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চট্টগ্রামের বিভাগের হয়ে।
১৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪৮ উইকেট শিকার করেছেন ১৭ বছর বয়সী এই অফ-ব্রেকার। চলতি বছরের অক্টোবরে ঢাকা বিভাগের বিপক্ষে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে দেশের ক্রিকেটে সাড়া ফেলে দেন নাঈম। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচে প্রথমবারের মতো ১০ উইকেটের বেশি পান ডান-হাতি এই স্পিনার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন। এবারও একই দলের হয়ে মাঠ মাতাবেন নাঈম।
জন্মস্থান, ঘরোয়া ক্রিকেটের অভিষেক, বিপিএলের অভিষেক যেই চট্টগ্রামে সেই বন্দর নগরীতেই বাঘের চিহ্ন সম্বলিত সবুজ ক্যাপটাও নিশ্চয় মাথায় জড়াতে চাইবেন নাইম।
সবঠিক থাকলে ২২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টলা বাসী আরও একজন ঘরের ছেলেকে সাদা পোশাকে দেখতে পারবে।
এস/ওয়াই




