
বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য দুই বছরের রিসার্চ পিএইচডি ফেলোশিপের আবেদন আহ্বান করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা। এই ফেলোশিপে নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, স্টাইপেন্ড, জীবনযাপন ও গবেষণাসহ বিভিন্ন খরচের সহায়তা পাবেন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত যেকোনো বর্ষের শিক্ষার্থী এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন মূল্যায়নে গবেষণা প্রস্তাবের মান, সম্ভাব্য প্রভাব ও সুপারিশপত্রকে গুরুত্ব দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে দুটি সুপারিশপত্র জমা না দিলে আবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।
নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন -
> দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য অ্যাকাডেমিক ফি।
> বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড।
> জীবনযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচ।
> মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার সুযোগ।
> মেটার গবেষকদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগ।
মেটা জানায়, ফেলোশিপের আওতায় দুই বছরের জন্য টিউশন, স্টাইপেন্ড ও গবেষণাসংক্রান্ত সুবিধা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
> স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত হতে হবে।
> যেকোনো জাতীয়তার শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
> এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে যুক্ত থাকতে হবে।
> ফেসবুক থেকে ইতোমধ্যে অন্য কোনো অনুদান পেলে এই ফেলোশিপের জন্য আবেদন করা যাবে না।
সময়সূচি
আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬
আবেদন শেষ: ২০ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশপত্র জমার শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬
আবেদন মূল্যায়ন শুরু: ১১ অক্টোবর ২০২৬
ফল প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৭
বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা: ৩১ জানুয়ারি ২০২৭- এর মধ্যে
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ ক্ষেত্র নির্বাচন করতে হবে। পাশাপাশি দুটি সুপারিশপত্র জমা দিতে হবে, যার একটি গবেষণা-তত্ত্বাবধায়কের কাছ থেকে হতে হবে।
আবেদন করতে এবং নির্দেশাবশি জানতে এখানে ক্লিক করুন।
আরটিভি/এমএইচজে




