ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষায় ভ্রমণ করতে অবশ্যই সঙ্গে রাখবেন যেসব জিনিস

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৩:৫০ পিএম

আবহাওয়ার সঙ্গে বদলায় প্রয়োজন, বদলায় জীবনধারা। এই ঝিরিঝিরি বৃষ্টি, এই ঝুম। আষাঢ়-শ্রাবণ এবং এই দুই মাস পেরিয়েও কয়েক মাস পর্যন্ত বৃষ্টি নামতে পারে হুটহাট। চারপাশে পিচ্ছিল রাস্তাঘাট, রাস্তায় জমা পানি, মাটির সোঁদা ঘ্রাণ— বর্ষা এলে যেন প্রাণ ফিরে পায় প্রকৃতি।

পাহাড় হোক বা সমুদ্র- রাস্তা থাকে পিচ্ছিল। নামতে পারে ধ্বস। সঙ্গী হতে পারে ঝড়ো হাওয়া বা তুফান। তাই এ সময় সচেতন থাকা ভালো। বর্ষায় ভ্ররণ করতে বাড়তি যেসব প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখবেন—

রেইনকোট ও ছাতা
বর্ষায় ভ্রমণ করতে চাইলে ব্যাগে ছাতা ও রেইনকোট অবশ্যই রাখতে হয়। অকারণে ভিজলে ঘোরার আনন্দই মাটি হবে।

স্যানিটাইজার
সংক্রমণের ঋতু বর্ষা। জ্বর, কনজাঙ্কটিভাইটিস, ইউরিন ইনফেকশনসহ নানান রোগ হয় এ সময়। তাই নিজের পরিচ্ছন্নতায় মনোযোগ দিতে হবে। ব্যাগে রাখুন স্যানিটাইজার। বারবার তা দিয়ে হাত পরিষ্কার করে নিন।

প্রয়োজনীয় ওষুধ
বর্ষায় বাইরের পানি পানে পেটের গোলমাল হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া বাইরে ঘুরতে গেলে সফরের সময় বমি, মাথা ধরার মতো সমস্যাও দেখা দিতে পারে। সর্দি-কাশি-জ্বর হওয়ার সম্ভাবনাও থেকে যায়। তাই প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন।

জুতা
বর্ষায় ঘুরতে গেলে এমন জুতা পরুন যেন সেটি জলরোধক ক্ষমতা সম্পন্ন হয়। ভেজা জুতা দীর্ঘক্ষণ পায়ে পরলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। সেসঙ্গে জ্বর-ঠান্ডার আশঙ্কাও থাকে। সম্ভব হলে একজোড়া বাড়তি জুতা সঙ্গে রাখুন।

ছোট তোয়ালে
ব্যাগে একটি ছোট তোয়ালে থাকলে বৃষ্টিতে চুল বা শরীর ভিজে গেলে মুছে নিতে পারবেন দ্রুত। এই সময়ের জন্য এমন তোয়ালে বেছে নিন, যা সহজে পানি শোষণ করতে সক্ষম এবং শুকিয়েও যায় সহজে।

প্লাস্টিক জিপলক
ব্যাগে বেশ কয়েকটি প্লাস্টিকের জিপলক পাউচ ভরে রাখুন। বৃষ্টির সময় এগুলোতে ফোন, চার্জার, ওষুধ, টাকা পয়সা ইত্যাদি ভরে রাখতে পারবেন। এতে প্রয়োজনীয় জিনিসগুলো সুরক্ষিত থাকবে।

এছাড়াও বর্ষায় ভ্রমণ করলে সঙ্গে একটু বেশি জামাকাপড় রাখতে হয়। বৃষ্টিতে ভিজে গেলে পোশাক শুকানো কষ্টসাধ্য হয়ে পড়ে। ভেজা পোশাকে বাজে গন্ধ হয়। আবার ভেজা পোশাক গায়ে দিলে ঠান্ডা লাগারও ভয় থাকে। তাই বেশি করে শুকনো কাপড় সঙ্গে রাখুন যেন চটজলদি পালতে নিতে পারেন।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্ব পর্যটন দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন সংস্থা। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ'। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই দিবসের লক্ষ্য। দিবসটি উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টায় আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামনের সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে। এদিকে, পর্যটন দিবসে সারা দেশের ইতিহাস-ঐতিহ্যকে এক ছাদের নিচে আনতে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়। বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিইও আবু তাহের মুহাম্মদ জাবের গণমাধ্যমকে বলেন, ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এ উৎসবে এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করবে বিভিন্ন জেলার পর্যটন পণ্য ও সেবা প্রদানকারীরা। দেশব্যাপী পর্যটনের বিভিন্ন অফার ও আয়োজন থাকবে এ উৎসবে। আগামীর বাংলাদেশে তাদের আকর্ষণীয় ট্যুর প্ল্যান তৈরি করতে এ উৎসব দর্শনার্থীদের সহায়তা করবে বলেও জানান তিনি।
বিশ্ব পর্যটন দিবস আজ
চীন যেতে লাগবে না করোনা পরীক্ষা
চীন ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি যাত্রীদের আর কোভিড-১৯ পরীক্ষা করতে হবে না। ঢাকাস্থ চীন দূতাবাস সোমবার (২৮ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। চীনা দূতাবাস জানায়, আগামী ৩০ আগস্ট থেকে চীনগামী যাত্রীদের বোর্ডিং করার আগে কোনো প্রকার কোভিড-১৯ পিসিআর পরীক্ষা বা দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা (আরএটি) করতে হবে না। এ ছাড়া চীনে পৌঁছানোর পরে স্বাস্থ্য ঘোষণাপত্রে দেশটির কাস্টমসের কাছে পরীক্ষার ফলাফল ঘোষণাও করতে হবে না। প্রসঙ্গত, বিশ্বব্যাপী ক‌রোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে চীনে ভ্রমণের ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষা বা অ্যান্টিজেন পরীক্ষা বাধ্যতামূলক ছিল। এখন এটি তুলে নেওয়া বাংলাদেশি যাত্রীরা করোনা পরীক্ষা ছাড়াই দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
চীন যেতে লাগবে না করোনা পরীক্ষা
মেট্রোরেল চলাচলের সময় রাতে আধাঘণ্টা বাড়ছে
আগামী ৮ জুলাই থেকে মেট্রোরেল চলাচলের সময় রাতে আধাঘণ্টা বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে এই সুবিধা এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরাই পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (৮ জুলাই) থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেন দুটি প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই দুটি মেট্রো ট্রেনে সিঙ্গেল জার্নি টিকেট ব্যবহার করে যাতায়াত করা যাবে না। শুধুমাত্র এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। 
মেট্রোরেল চলাচলের সময় রাতে আধাঘণ্টা বাড়ছে
ঘুরে আসুন সেন্টমার্টিন দ্বীপের মনোমুগ্ধকর সৌন্দর্যে
সমুদ্রসৈকত বা দ্বীপ বরাবরের মতোই সবার প্রিয়। সমুদ্রের উত্তাল গর্জন আর শীতল বাতাস সবার হৃদয়ই শিহরিত করে। নিজের ভেতরে অন্যরকম রোমাঞ্চ তৈরি হয়। সমুদ্র আর নীল আকাশের অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায় সেখানে। তাই তো ছুটি পেলেই সেন্টমার্টিনে যাওয়ার আগ্রহ বাড়ে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় সেন্টমার্টিনে।  সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের দক্ষিণ অবস্থিত। চট্টগ্রামের কক্সবাজার জেলা হতে ১২০ কিলোমিটার দূরে এই দ্বীপটি অবস্থিত। সেন্টমার্টিন ভ্রমণ করতে চাইলে অবশ্যই আপনাকে লম্বা ভ্রমণের অভিজ্ঞতা থাকতে হবে। এ দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। এ দ্বীপকে ‘নারিকেল জিঞ্জিরা’ও বলা হয়। মূল দ্বীপ ছাড়াও আরও একটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে যা ‘ছেঁড়াদ্বীপ’ নামে পরিচিত।  সেন্টমার্টিনের বৈশিষ্ট্য-  যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল। আকাশ আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। এখানে অগভীর দীর্ঘ সমুদ্রতট, সামুদ্রিক প্রবাল, সাগরের ঢেউয়ের ছন্দ সবাইকে মুগ্ধ করে। নান্দনিক নারিকেল গাছের সারি যেন চিরল পাতায় দোলা দিয়ে যায়। সাগরতীরে বাঁধা মাছ ধরার নৌকা-ট্রলার, সৈকতজুড়ে কাঁকড়া, ঝিনুক, গাঙচিল- এসবই সেন্টমার্টিন দ্বীপের বৈশিষ্ট্য। যা ছোট্ট এ দ্বীপকে করেছে অনিন্দ্যসুন্দর। স্বচ্ছ পানিতে জেলি ফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ, কচ্ছপ এবং প্রবাল এ দ্বীপের অন্যতম আকর্ষণ। যাওয়ার উপায়- সেন্টমার্টিন যেতে হলে প্রথমে কক্সবাজার জেলার টেকনাফে যেতে হবে। ঢাকা থেকে বাসে সরাসরি টেকনাফ যাওয়া যায়। ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস সরাসরি টেকনাফ যায়। এছাড়া ঢাকা থেকে প্রথমে কক্সবাজার, তারপর কক্সবাজার থেকে টেকনাফ যাওয়া যায়। ঢাকা থেকে প্রতিদিনই বিভিন্ন পরিবহন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। বাসভেদে ভাড়া আলাদা হয়। তবে ঢাকা থেকে বিমানেও সরাসরি কক্সবাজার যাওয়া যায়। কক্সবাজার থেকে লোকাল বাস, মাইক্রো বা জিপ ভাড়া করে টেকনাফ যাওয়া যায়। কক্সবাজার থেকে টেকনাফ যেতে সময় লাগে অবস্থাভেদে প্রায় ১ থেকে ২ ঘণ্টা। টেকনাফ থেকে সেন্টমার্টিনে প্রতিদিন সকাল থেকে আসা-যাওয়া করে কুতুবদিয়া, কেয়ারী সিন্দাবাদ, ঈগল, সুন্দরবন ও গ্রীনলাইন ইত্যাদি জাহাজ। এ ছাড়াও এ সমুদ্র রুটে বেশ কিছু ট্রলার ও স্পিডবোট চলাচল করে। জাহাজে টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে সময় লাগে ২ ঘণ্টা থেকে আড়াই ঘণ্টা। জাহাজের শ্রেণিভেদে ভাড়া নির্ধারণ করা রয়েছে। জেটি ঘাট থেকে প্রতিদিন জাহাজগুলো সকাল ৯টা-সাড়ে ৯টায় সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। সেন্টমার্টিন থেকে ফেরত আসে বিকেল ৩টা-সাড়ে ৩টায়। তাই সময়ের আগে জেটি ঘাটে উপস্থিত না হতে পারলে জাহাজ মিস হওয়ার সম্ভাবনা আছে। এমন ক্ষেত্রে ট্রলারে করে ফেরা ছাড়া উপায় নেই, যা বিপজ্জনক। যারা সেন্টমার্টিনে রাতযাপন করেন, তারা পরের দিন একটি জাহাজে ফেরার সুযোগ পান। যা আগেই টিকিটে উল্লেখ থাকে। যেখানে থাকবেন- সেন্টমার্টিনে থাকার জন্য বেশ কয়েকটি উন্নতমানের হোটেল ও কটেজ রয়েছে। তবে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে। নতুবা থাকার জন্য ভালো জায়গা পাওয়া যাবে না। থাকার জন্য উল্লেখযোগ্য কিছু হোটেল বা রিসোর্ট সম্পর্কে খোঁজ নিয়ে যাবেন। খাওয়া-দাওয়া- পর্যটকদের খাবারের জন্য রয়েছে বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ। এখানকার ডাব অবশ্যই খাবেন। বিভিন্ন সামুদ্রিক মাছ খেতে ভুলবেন না। হোটেল বা রিসোর্টে বারবিকিউ পার্টিও করতে পারেন। হোটেল বা রেস্তোরাঁয় খাওয়ার আগে একটু যাচাই করে নেবেন। কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই দরদাম করে নেবেন।  সেন্টমার্টিন দ্বীপে থাকার ব্যবস্থা- সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে কেমন খরচ হবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কেমন খরচ করবেন, এবং কি ধরনের রিসোর্ট এ থাকবেন, কেমন খাওয়া দাওয়া করবেন তার ওপর। স্ট্যান্ডার্ড হোটেল বা রিসোর্টে কাপল বা ডাবল বেড ১৫০০ টাকা থেকে ৩ হাজার টাক। বাজারের দিকে মোটামুটি ভালো মানের হোটেল ৮০০ থেকে ১২০০ টাকা ভাড়াতে পাওয়া যায়। এই ভাড়া এমনি সাধারণ দিনের জন্য প্রযোজ্য। ছুটির দিনে লোকজন বেশি থাকে তাই ভাড়া একটু কম বেশি হয়। এক রুমে কয়েকজন মিলে থাকলে ভাড়া ভাগ হয়ে অনেকটা কমে যাবে। এ ছাড়া আরও কম টাকায় থাকতে চাইলে স্থানীয় মানুষদের বাড়িতে অল্প টাকায় থাকতে পারবেন।  সতর্কতা- সেন্টমার্টিনে যাওয়া-আসার সময় সঙ্গে অবশ্যই জাতীয় পরিচয়পত্র রাখবেন। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে যেকোনো চেকিংয়ে জাতীয় পরিচয়পত্র কাজে লাগতে পারে। এ ছাড়া প্রবালের ওপর হাঁটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। নতুবা পা কেটে যেতে পারে। ভাটার সময় বিচে না নামাই ভালো। যেহেতু সমুদ্রপথে যেতে হবে, তাই যাওয়ার আগে স্থানীয় আবহাওয়া সম্পর্কে ভালোভাবে তথ্য জেনে নেবেন। বিধি-নিষেধ-  সম্প্রতি সেন্টমার্টিনে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে পরিবেশ অধিদফতর। সেগুলো হলো- দ্বীপের সৈকতে সাইকেল, মোটরসাইকেল, রিকশা, ভ্যানসহ কোনো ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক বাহন চালানো যাবে না। দ্বীপের সৈকত, সমুদ্র এবং নাফ নদীতে প্লাস্টিক বা কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না। পশ্চিম দিকের সৈকতে কোনাপাড়ার পর দক্ষিণ দিকে এবং পূর্ব দিকের সৈকতে গলাচিপার পর দক্ষিণ দিকে যাওয়া যাবে না। দ্বীপের চারপাশে নৌ-ভ্রমণ করা যাবে না। এমনকি জোয়ার-ভাটা এলাকায় পাথরের ওপর দিয়ে হাঁটা যাবে না। সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার স্থানে চলাফেরা, রাতে আলো জ্বালানো এবং ফ্ল্যাশলাইট ব্যবহার করে ছবি তোলা যাবে না। সৈকতে রাতের বেলা কোনো ধরনের আলো বা আগুন জ্বালানো, আতশবাজি ও ফানুস ওড়ানো যাবে না। সৈকতে মাইক বাজানো, হৈ-চৈ এবং উচ্চস্বরে গান-বাজনা কিংবা বারবিকিউ পার্টি করা যাবে না। ছেঁড়াদ্বীপে স্পিডবোট, কান্ট্রি বোট, ট্রলার কিংবা অন্যান্য জলযানে যাতায়াত কিংবা নোঙর করা যাবে না। সংরক্ষণের উদ্দেশ্যে সরকারের অধিগ্রহণ করা ছেঁড়াদ্বীপ ভ্রমণ করা যাবে না। প্রবাল, শামুক, ঝিনুক, কচ্ছপ, পাখি, তারা মাছ, রাজকাঁকড়া, ঘাস, শৈবাল এবং কেয়া ফল সংগ্রহ ও কেনা যাবে না। জাহাজ থেকে গাঙচিল বা কোনো ধরনের পাখিকে চিপস বা অন্য কোনো খাবার খাওয়ানো যাবে না। দ্বীপে সুপেয় পানির পরিমাণ সীমিত হওয়ায় সব সময় পানির অপচয় রোধ করতে হবে।  নৌবাহিনীর নির্দেশনা-  সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর একটি সতর্কীকরণ নির্দেশনা রয়েছে। সেখানে বলা হয়েছে- ১. সমুদ্রস্নানের আগে জোয়ার-ভাটার সময় জেনে নিন। ২. এক হাঁটু পানির নিচে না নামাই ভালো। ৩. পানিতে নেমে উত্তেজনার বসে তীর থেকে দূরে যাবেন না। ৪. প্রাপ্তবয়স্কদের অনুপস্থিতিতে ছোট ছোট বাচ্চা পানিতে নামা নিষেধ। ৫. সাঁতার না জানলে পানিতে নামবেন না। ৬. একা একা কখনই পানিতে নামবেন না। ৭. নৌযান চলাচলকালে লাইফ জ্যাকেট পরিধান করুন।
ঘুরে আসুন সেন্টমার্টিন দ্বীপের মনোমুগ্ধকর সৌন্দর্যে
দেখে আসি পুরান ঢাকার ঐতিহ্য
বেড়াতে কে না ভালোবাসে, চিত্তে বৈচিত্র্যের রসদ যোগাতে বেড়ানোর বিকল্প আর কিছু নেই। সবাই চায় নগরজীবনের ব্যস্ততার ফাঁকে নিজেকে একটু প্রশান্তি দিতে। কিন্তু সবসসময়তো আর ঢাকার বাহিরে গিয়ে ঘুরে আসার সুযোগ হয় না, তাই বেড়াতে চাইলেও ছুটির কারণে বেড়াতে যাওয়া হয়ে ওঠে না। হাতে সময় কম যাদের, তারা ঘুরে বেড়াতে পারেন রিকশার রাজধানী আর মসজিদের এই নগরী পুরান ঢাকার দর্শনীয় জায়গাগুলোতে। চারশ' বছর পুরনো ঢাকা শহরে যুগে যুগে জমেছে শতসহস্র ঐহিত্যের ভাঁজ। কেবল পুরান ঢাকাতেই যেসব স্থাপনা আর দর্শনীয় জায়গা ছড়িয়ে আছে, তা কারও পক্ষে একদিনে দেখে ফেলা সম্ভবও হয় না। ওই সব দর্শনীয় জায়গাগুলো চোখ রাখার আগে রিকশার রাজধানী আর মসজিদের এই নগরীর বিষয় একটু জেনে নেওয়া যাক।  ১৬১০ খ্রীষ্টাব্দে ইসলাম খাঁ চিশতি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। ইতিহাসের ধারাবাহিকতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়ে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের ফসল হিসেবে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভের অনেক আগ থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানীর ন্যায় এই ঢাকাতেও ছিল অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান। আর এই লেখায় সেই সমস্ত দর্শনীয় স্থান গুলোর কথাই ফুটে উঠেছে যা আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। পুরান ঢাকার বিভিন্ন প্রান্তে এবস ঐতিহাসিক দর্শনীয় স্থান আজ পরিনত হয়েছে জাতীয় ঐতিহ্যে। বাহাদুর শাহ পার্ক : পুরানো ঢাকার সদরঘাটের সন্নিকটে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক। এর পশ্চিমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং উত্তর পশ্চিমে জেলা আদালত অবস্থিত। পূর্বে এর নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে বাহাদুর শাহ্ জাফরের নামানুসারে এর নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। বলধা গার্ডেন : পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত এটি একটি উদ্ভিদ উদ্যান। বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ৩.৩৮ একর জমির ওপর ১৯০৯ সালে উদ্যানটি নির্মাণের কাজ আরম্ভ করেন। যা শেষ হতে সময় লেগেছিল প্রায় ৮ বছর। বিরল প্রজাতির ৮০০ গাছসহ বাগানটিতে প্রায় ১৮ হাজার গাছ রয়েছে। বর্তমানে এখানে ৬৭২ প্রজাতির উদ্ভিদ রয়েছে। বাগানটিতে এমনও অনেক প্রজাতির গাছ রয়েছে, যা বাংলাদেশের অন্য কোথাও নেই। জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ওয়ারী, টিকাটুলী ও নারিন্দার ঠিক মাঝখানে দুটি ভাগে বলধা গার্ডেন তৈরি করেছেন। বলধা গার্ডেনের এক পাশের নাম সাইকি এবং অপর পাশের নাম সিবিলি। বলধা গার্ডেনের সাইকি অংশটিতে সবার যাওয়ার অনুমতি নেই। এটা বন্ধ করে রাখা হয়। কারণ এমন কিছু দুর্লভ প্রজাতির গাছ রয়েছে যা মানুষের আনাগোনায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাইকিতে রয়েছে নীল, লাল ও সাদা শাপলাসহ রঙ্গিন পদ্মা, তলা জবা, অপরাজিতা, ক্যাকটাস, পামগাছ, জবা, প্রভৃতি ফুলের গাছ। সপ্তাহের প্রতিদিনই এটি সকাল ৮টা থেকে ১১টা এবং ২টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে। লালবাগ কেল্লা : মোগল আমলের স্থাপত্যকীর্তির অন্যতম হচ্ছে লালবাগের কেল্লা। সপ্তদশ শতাব্দীর শেষার্ধে মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজমের সময়ে নির্মিত এ কেল্লায় রয়েছে পরীবিবির সমাধি, দরবার গৃহ, হাম্মামখানা, মসজিদ, দুর্গ ইত্যাদি। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে লালবাগ মহল্লায় এর অবস্থান। সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু করেন। নবাব শায়েস্তা খানের আমলে এর নির্মাণ কাজ অব্যাহত থাকে। আহসান মঞ্জিল : বুড়িগঙ্গা নদীর পাড় ঘেঁষে কুমারটুলি এলাকায় এই আহসান মঞ্জিলের অবস্থান। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শেখ ইনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামের একটি প্রমোদ ভবন নির্মাণ করেন। পরে বিভিন্ন হাতঘুরে তা নবাব আব্দুল গনির হাতে আসে। নবাব আব্দুল গনি ভবনটিকে পূণনির্মাণ করেন, ১৮৫৯ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ১৮৭২ সালে শেষ হয়। নিজের ছেলে খাজা আহসান উল্লাহর নামে ‘আহসান মঞ্জিল’ নামটি রাখেন তিনি। পরে এ বাড়িতে নবাব আহসান উল্লাহ বাস করতেন। মঞ্জিলটি দুটি অংশে বিভক্ত ‘রংমহল’এবং ‘অন্দরমহল’। প্রাসাদটির ওপরে কয়েকটি সুদৃশ্য গম্বুজ রয়েছে। বর্তমানে এটি একটি জাদুঘর; প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এ জাদুঘর দেখতে এসে থাকেন। শনি থেকে বুধ, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য এটি খোলা থাকে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে আহসান মঞ্জিল বন্ধ থাকে। বড়কাটরা : চকবাজারের দক্ষিণে বুড়িগঙ্গার দিকে মুখ করে নির্মিত এই ইমারত। ১৬৪৪ সালে দেওয়ান আবুল কাশেম কাটরাটি শাহ সুজার বাসস্থান হিসেবে নির্মাণ করেন। তবে শাহ সুজা কখনোই এই কাটরাটিতে বাস করেননি। মুসাফির, পথিক ও আশ্রয়হীনদের সরাইখানা বা লঙ্গরখানা হিসেবে ব্যবহার হয়েছে বড়কাটরা বর্তমানে কাটরাটির একটি অংশ দখল করে রেখেছে একটি মাদরাসা আর অন্য আরেকটি অংশ দখল নিয়েছে বিভিন্ন স্তরের কিছু মানুষ। ছোটকাটরা : বড়কাটরা থেকে ১৮২.২৭মিটার পুবে এই ছোটকাটরার অবস্থান। ধারনা করা হয় ১৬৬২ অথবা ১৬৭১ সালে শায়েস্তা খাঁ এটি নির্মাণ করেন। বর্তমানে এটি বিভিন্ন ব্যবসায়ীদের দখলে চলে গেছে। রোজ গার্ডেন : রোজ গার্ডেন আজও দাঁড়িয়ে আছে পুরনো ঢাকার গোপীবাগ এলাকায়। তৎকালীন নব্য জমিদার ঋষিকেশ দাস বিশ শতকের তৃতীয় দশকে (সম্ভবত ১৯৩০ সালে) গড়ে তোলেন এ গার্ডেন। বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর বাগান-বাড়ির আদলে নির্মিত হয়েছিল রোজ গার্ডেন। তৎকালীন উচ্চবিত্ত হিন্দু সমাজের সাংস্কৃতিক কেন্দ্র ছিল বলধা জমিদারের বাড়ি। একদিন বিনা আমন্ত্রণে ঋষিকেশ গিয়েছিলেন বলধার এক জলসায়। কিন্তু ঋষিকেশ দাস সনাতনী ধর্মে নিম্নবর্ণ হওয়ায় তাকে সেখানে অপমাণিত হতে হয়। তারপরই নির্মাণ করেন রোজ গার্ডেন। রোজ গার্ডেনটি ছিল ২২ বিঘা জমির ওপর। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের দুর্লভ সব গোলাপ গাছে সুশোভিত করেছিলেন এ উদ্যানটি। বাগানের প্রধান গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পরে একটি শান বাঁধানো পুকুর। গেট, পুকুর ও বাগানে ইউরোপীয় স্থাপত্য শৈলিতে নির্মিত অনেকগুলো ভাস্কর্য ছিল। বাগানের পুরো সীমানাজুড়ে ছিল আম গাছের সারি ও মাঝখানে অবস্থিত কারুকার্য দ্বিতল এ ভবনটি।  রূপলাল হাউজ : রূপলাল হাউজ উনবিংশ শতকে নির্মিত একটি ভবন। এটি পুরানো ঢাকা এলাকায় বুড়িগঙ্গা নদীর উত্তর পারে ফরাসগঞ্জ এলাকায় অবস্থিত। ভবনটি নির্মাণ করেন হিন্দু ব্যবসায়ী ভ্রাতৃদ্বয় রুপলাল দাস ও রঘুনাথ দাস। দ্বিতল এই ভবনের স্থাপত্য শৈলী অভিনব। ভবনটিতে ৫০টির অধিক কক্ষ রয়েছে, এবং কয়েকটি প্রশস্ত দরবার কক্ষ রয়েছে। এক সময় রূপলাল হাউজ মসলা ও সবজি ব্যবসায়ীদের দখলে চলে যায়। তবে, বর্তমানে এটিকে অবৈধ দখলমুক্ত করে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রাখা রয়েছে নামে মাত্র।  লালকুঠি : এটি নর্থব্রুক হলো নামেও পরিচিত। বুড়িগঙ্গার পাড় ঘেঁষে ফরাশগঞ্জ মহল্লায় অবস্থিত। গোটা ইমারতটি লাল রঙে রঙিন বলে এর নাম হয়েছে লালকুঠি ১৯০৪ খ্রীস্টাব্দে ১৬ অক্টোবর ঢাকার নতুন রাজস্ব ও ডাক অফিস খোলার জন্য ওই দিনেই ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা মোহাম্মদ ইউসুফের উদ্যোগে নর্থব্রুক হলে একটি বড় সভা করা হয়। শহরের গণ্যমান্য মুসলমান ও ইউরোপিয়দের এতে আমন্ত্রণ জানানো হয়। সভায় ব্রিটিশ সরকারকে নতুন প্রদেশ গঠন ও ঢাকায় রাজধানী করার জন্য ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করা হয়। এ ধরনের নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে এই নর্থব্রুক হল।  জিনজিরা প্রাসাদ : পুরান ঢাকার বড় কাটরার দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর অপর তীরে জিনজিরা প্রাসাদ অবস্থিত। মুঘল সুবাদার দ্বিতীয় ইব্রাহিম খান তার প্রমোদ কেন্দ্র হিসেবে জিনজিরা প্রাসাদটি নির্মাণ করেন। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ঘসেটি বেগম, আমেনা বেগম, সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেছা বেগম এবং তার কন্যাকে জিনজিরা প্রাসাদে এনে বন্দি রাখা হয়। আজ থেকে প্রায় ৪০০ বছর আগে শহর থেকে জিনজিরার মধ্যে চলাচলের জন্য একটি কাঠের পুল ছিল। প্রাসাদটির পূর্বাংশ তিনতলা সমান, মাঝ বরাবর প্রকা- প্রাসাদ তোরণ। তোরণ প্রাসাদকে দুই ভাগ করে অপর প্রান্তে খোলা চত্বরে মিশেছে। প্রাসাদ তোরণের পূর্বাংশেই ছিল সুড়ঙ্গপথ। তারা মসজিদ : বিখ্যাত এই তারা মসজিদটি পুরান ঢাকার আর্মানিটোলায় অবস্থিত। মসজিটির সারা গায়ে রয়েছে শত শত ছোট বড় তারার কারুকাজ। সাদা সিমেন্টের ওপর চিনামাটির তারকাকৃতি টুকরো বসিয়ে করা হয়েছে এই তারকাসজ্জা। আঠারশ শতকে ঢাকার জমিদার মির্জা গোলাম মসজিদটি নির্মাণ করেন। ঢাকেশ্বরী মন্দির : লালবাগ কেল্লা থেকে ৩০০ মিটার উত্তরপুবে এই সুন্দর মন্দিরের অবস্থান। ঢাকার সবচেয়ে প্রচীন মন্দির ঢাকেশ্বরী। এর নির্মাণকাল ও নামকরণ নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক। কিংবদন্তি অনুসারে একবার রাজা বিজয় সেনের রানি লাঙ্গলবন্দে স্নানে গিয়েছিলেন। স্নান শেষে ফেরার পথে তার একটি পুত্রসন্তান জন্মে ছিল, ইতিহাসে যিনি বল্লাল সেন নামে পরিচিত। বল্লাল সেন সিংহাসনে আরোহণের পর নিজের জন্মস্থানকে স্মরণীয় করে রাখার জন্য নির্মাণ করেছিলেন এই মন্দির। আর্মেনীয় গির্জা : পুরান ঢাকার আরমানিটোলায় এক সময় বিপুলসংখ্যক আর্মেনীয় নাগরিকের বসবাস ছিল। আর্মেনীয়দের বসবাসের কারণেই ওই এলাকার নামকরণ হয় আরমানিটোলা বা আর্মেনিয়ান স্ট্রিট। মূলত সম্রাট আকবরের অনুমতি সাপেক্ষে আর্মেনীয়রা ভারতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, বসতি স্থাপন ও গির্জা নির্মাণ করে। ব্যবসার কারণে এক সময় ঢাকায় আর্মেনীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে তারা আরমানিটোলায় বসতি স্থাপন ও একটি ক্ষুদ্র গির্জা স্থাপন করে প্রার্থনা করত এবং তাদের কারও মৃত্যু হলে তেজগাঁও রোমান ক্যাথলিক গির্জার পাশে মরদেহ সমাহিত করত। ১৭৮১ সালে একজন বিত্তবান আর্মেনীয় নিকোলাস পোগজ বেশ কয়েক বিঘা জমিতে ওই ক্ষুদ্র গির্জার স্থলে একটি বিশাল গির্জা নির্মাণ করেন। তিনি গির্জাটির নামকরণ করেন চার্চ অব দ্য রিজারেকশন। বিউটি বোর্ডিং : ঐতিহাসিক এই নিদর্শনগুলোর তুলনায় পুরান ঢাকার বিউটি বোর্ডিংকে এখন হয়তো কিছুটা ফিকেই মনে হতে পারে। তবুও এই বোর্ডিংটির ইতিহাসের সাথে মিশে আছে আলাদা একটি আবেদন, আজ না হয় ঘুরে আসা যাক বিউটি বোর্ডিং থেকে। কবি-সাহিত্যিকদের কাছে পুরনো ঢাকার বিউটি বোর্ডিং এক আড্ডার কেন্দ্রস্থল। বাংলাবাজারে বইয়ের মার্কেট পেরিয়ে শ্রীশচন্দ্র দাস লেনে ঢুকতেই চোখে পড়ে একটি জমিদার বাড়ি। এটির কোল ঘেঁষেই দোতলা একটি বাড়ি। ছোট লোহার গেট পেরোলেই ফুলের বাগান। বাগানের মাঝখানে দুর্বা ঘাসে মোড়ানো ফাঁকা জায়গা- আড্ডাস্থল। পাশেই অতিথিদের খাবারের ব্যবস্থা। হলদে-কালচে রঙের বাড়িটির এক কোনায় লেখা রয়েছে “বিউটি বোর্ডিং”। ১৯৪৯ সালের শেষের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনী মোহন সাহা তৎকালীন জমিদার সুধীর চন্দ্র দাসের কাছ থেকে ১১ কাঠা জমি নিয়ে তাতে গড়ে তোলেন এই বিউটি বোর্ডিং। নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই এর নামকরণ করা হয়েছে। তখনকার সাহিত্য আড্ডার জন্য মুসলিম সুহৃদ সম্মিলনী, নবাববাড়ি, ঢাকা প্রকাশের কার্যালয়সহ অনেক জায়গা থাকলেও সবার পছন্দের জায়গা ছিল এই বিউটি বোর্ডিং। বাংলা সাহিত্যের অনেক দিকপালের পদচারণে এই বোর্ডিং ধন্য হয়েছে। সেসব ব্যক্তিত্ব নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত হয়েছেন। এ ছাড়াও পুরান ঢাকায় খ্রিস্টান কবর স্থান, গৌড় মন্দির, স্বামীবাগ মন্দির, বিনত বিবির মসজিদসহ আরও অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে যা পরিচর্যায় অভাবে হারিয়ে যাচ্ছে এবং অনেক স্থাপনা দখল করে আছে স্থানীয় প্রভাবশালীরা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোটেল ও খাবার ৪০০ বছরের অধিক সময় ধরে ঐতিহ্যবাহী পুরান ঢাকা মানেই সেরা আর বিখ্যাত খাবারের সমারোহ। সেই সব বিখ্যাত আর মুখরোচক খাবারের হোটেলগুলোর ঠিকানা পাঠকদের জন্য নিরব হোটেল এন্ড রেস্টুরেন্ট, ১১৩/২ নাজিমুদ্দিন রোড, ঢাকা। বিশেষ খাবার : মগজ ভাজা ও বিভিন্ন ধরনের ভর্তা-ভাজি। খোলা : দুপুর ১২টা থেকে রাত ১২টা। রমজান মাস বন্ধ। হোটেল আল-রাজ্জাক, ২৯/১ নর্থসাউথ রোড (বংশাল). ঢাকা। বিশেষ খাবার : কাচ্চি, মোরগ পোলাও, কাবাব, গ্লাসি। খোলা : সকাল ৬ টা থেকে রাত ১২টা। হাজীর বিরিয়ানি, ৭০ কাজি আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, ঢাকা ১০০০। বিশেষ খাবার : বিরিয়ানি বক্স ১৫০ টাকা। খোলা : ১২টা থেকে রাত ১০টা। ক্যান্ডেল লাইট রেস্টুরেন্ট, ৮৩ নাজিমুদ্দিন রোড, ঢাকা। বিশেষ খাবার : মাছ ৩৬০ টাকা। মিক্সড ভেজিটেবল ২৮০ টাকা। ফ্রাইড রাইস ২৪০ টাকা। খোলা : দুপুর ১২টা থেকে রাত ১১টা। রয়্যাল হোটেল কাচ্চি, লালবাগ চৌরাস্তার মোড়। বিশেষ খাবার : জাফ্রান বাদামের শরবত, চিকেন টিক্কা, লাবাঙ। খোলা : সকাল ৯টা থেকে রাত ১২টা। আফতাব হোটেল, ৮৩ নাজিমুদ্দিন রোড, ঢাকা। বিশেষ খাবার : বাসমতি চালের ভুনা খিচুড়ি, দাম ১শ’ টাকা। ইলিশ খিচুড়ি ১৫০ টাকা। রুই খিচুড়ি ১৫০। খোলা : দুপুর ১২ থেকে রাত ৪টা। শমসের আলীর ভুনা খিচুড়ি, বংশাল চৌরাস্তা মোড়। বিশেষ খাবার : ভুনা খিচুড়ি। খোলা : সকাল ৯টা থেকে রাত ১২টা। মিয়াজি বিরিয়ানি, ৩০/এ কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার ঢাকা ১০০০। বিশেষ খাবার : কাচ্চি বিরয়িানি, মোরগ পোলাও। খোলা : সকাল ১০টা থেকে রাত ১২টা। বিসমিল্লাহ বটি কাবাব ঘর, ৭/বি কাজী আলাউদ্দিন রোড ঢাকা ১০০০। বিশেষ খাবার : খাসির কাবাব। খোলা : দুপুর ১২ টা থেকে রাত ১২টা। মামুন বিরিয়ানি হাউস, ৮৩ নাজিমুদ্দিন রোড, ঢাকা। বিশেষ খাবার : তেহারি। আস্ত মোরগ দিয়ে বল (প্রতি মাসের ৪ তারিখ)। বিরিয়ানি দাম ৩শ’ টাকা। খোলা : দুপুর ১২টা থেকে রাত ১০টা। লালবাগ ভাটের মসজিদের কাবাব বন, ৩৪/এ লালবাগ রোড, ঢাকা। বিশেষ খাবার : কাবাব বন। খোলা : দুপুর ১২টা থেকে রাত ১০টা। কালাম’স কিচেন, ৩৪/এ জনসন রোড, ঢাকা। বিশেষ খাবার : ফ্রাইড রাইস, দাম ২২০ টাকা। খোলা : সকাল ১০টা থেকে রাত ১২টা। কাশ্মির কাচ্চি, ৩৪/এ পাটুয়াটুলী, ঢাকা। বিশেষ খাবার : কাচ্চি। খোলা : দুপুর ১২টা থেকে রাত ১০টা। বুদ্ধুর পুরি, ডালপট্টি মোড় সুত্রাপুর, ঢাকা। বিশেষ খাবার : পুরি। খোলা : সন্ধ্যা থেকে রাত ১০টা। বিউটির লাচ্ছি, ৩০/এ জনসন রোড, ঢাকা। বিশেষ খাবার : লাচ্ছি ও লেবুর শরবত। খোলা : সকাল ১০টা থেকে রাত ১২টা। কলকাতা কাচ্চি ঘর, ১৪ আবুল হাসনাত রোড, সাতরওজা ঢাকা। বিশেষ খাবার : বাসমতি চালের কাচ্চি, দাম ১২০ টাকা। খোলা : সকাল ১০টা থেকে রাত ১২টা। মাখন বিরিয়ানি, রায় সাহেব বাজার মোড়। বিশেষ খাবার : বিরিয়ানি, দাম ১২০ টাকা। খোলা : সকাল ৮টা থেকে রাত ১২টা। আল্লার দান বিরিয়ানি, ২২ ডিস্টিলারি রোড গেন্ডারিয়া, ঢাকা ১২০৪। বিশেষ খাবার : বিরিয়ানি। খোলা : দুপুর ১২টা থেকে রাত ৩টা। রহমানের কাবাব, ২৮ ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ঢাকা। বিশেষ খাবার : কাবাব। খোলা : দুপুর ১২টা থেকে রাত ১২টা। কাশ্মির কাচ্চি, ৩৪/এ পাটুয়াটুলি, ঢাকা। বিশেষ খাবার : কাচ্চি। খোলা : দুপুর ১২টা থেকে রাত ১২টা।  ঝুনুর পোলাও, ১১ নারিন্দা রোড ঢাকা। বিশেষ খাবার : পোলাও। খোলা : দুপুর ১২টা থেকে রাত ১২টা। সুলতানের চা, ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট, ঢাকা। বিশেষ খাবার : বিট লবণের লাল চা ও গুড়ের চা।  নুরানি শরবত, চকবাজার জামে মসজিদের নিচে। খোলা : দুপুর ১২টা থেকে রাত ১২টা।  সোনা মিয়ার দই, ৩৩/এ রজনি চৌধুরী রোড, গেন্ডারিয়া, ঢাকা। বিশেষ খাবার : টক ও মিষ্টি দই। খোলা : সকাল ১০টা থেকে রাত ১২টা।  বিউটি বোর্ডিং, ১ শ্রীশ দাস লেন, বাংলাবাজার ঢাকা। বিশেষ খাবার : সরষে ইলিশ, বিভিন্ন ধরনের সবজি ও মাছ। খোলা : সকাল ৭টা থেকে রাত ১০টা।
দেখে আসি পুরান ঢাকার ঐতিহ্য
আরও পড়ুন
বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ
বৃষ্টি থামলে যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য
থার্টিফাস্টে এবারও আয়োজন থাকছে না কক্সবাজারে
দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা