ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

যেসব এলাকায় তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত

হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।

আগের দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইদিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে তাপমাত্রা ওঠানামা এমন বড় পতনে শীতের তীব্রতা একধাপ বেড়ে গেছে।

গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সকাল ও সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে। এতে করে সড়ক ও মহাসড়কে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটছে।

এদিকে, তীব্র শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। ফলে তাদের দৈনন্দিন আয় কমে গেছে। অনেক পরিবার ঠিকমতো খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছে।

এ ছাড়া তীব্র শীত ও একটানা কুয়াশার কারণে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা ও আশপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা ও আশপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা
প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ১৮, ১৯, ২০ ও ২১ নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য বিশ্লেষণ করে তিনি জানান, ঘূর্ণিঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার। দমকা হাওয়াসহ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। এছাড়া ঘূর্ণিঝড়টির চারপাশে প্রায় ২০ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়েছে। মোস্তফা কামাল পলাশের আশঙ্কা, আকভানের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরটিভি/এসকে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা
প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরটিভি/এসকে
প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতোমধ্যে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ১৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ প্রবল ঘূর্ণিঝড়টি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এ সময় এর অবস্থান ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতও অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরটিভি/এসকে
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
চোখ রাঙাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, চার সমুদ্রবন্দরে সতর্কতা
বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ আবহাওয়া বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
চোখ রাঙাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, চার সমুদ্রবন্দরে সতর্কতা
আরও পড়ুন
ঢাকা ও আশপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা