
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। এ সময় রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কারণে বাইরে বের হওয়ার সময় নগরবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আরটিভি/এসকে


