
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। অফিসগামী মানুষকে ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার পাশাপাশি জলাবদ্ধতা ও যানজটের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ভোর সাড়ে ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় অনুভূত তাপমাত্রা ছিল প্রায় ২৫ ডিগ্রি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। উত্তর ও উত্তর-পূর্বদিক থেকে হালকা বাতাস বইছে।
পূর্বাভাসে আরও বলা হয়, বিকেল পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে। সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আকাশ থেকে মেঘ কেটে যেতে পারে।
এ ছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মৌসুমি বৃষ্টির প্রভাবে ধীরে ধীরে বাড়তে পারে শীতের আমেজ।
আরটিভি/এমএইচজে



