
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। ‘আকভান’ নাম ইরানের দেওয়া। এর অর্থ ‘রাক্ষস’।
উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য নির্ধারিত তালিকা থেকে নামটি নেওয়া হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের নামকরণের পেছনে রয়েছে নির্দিষ্ট আন্তর্জাতিক প্রক্রিয়া।
ঘূর্ণিঝড়ের নামকরণের মূল উদ্দেশ্য হলো ঝড়কে সহজে শনাক্ত করা, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং সতর্কবার্তা প্রচার সহজ করা। একই সময়ে একাধিক ঘূর্ণিঝড় সৃষ্টি হলে নামের মাধ্যমে সেগুলো আলাদাভাবে চিহ্নিত করাও সহজ হয়।
উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে ২০০৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। এ অঞ্চলে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) অধীন সদস্য দেশগুলো নাম প্রস্তাব করে।
২০২০ সালে এ অঞ্চলের ১৩টি দেশ নতুন করে ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরি করে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
প্রতিটি দেশ তালিকায় নির্দিষ্টসংখ্যক নাম প্রস্তাব করে। পরে নির্ধারিত ক্রমানুসারে সেসব নাম ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফলে কোনো ঘূর্ণিঝড়ের নাম ইচ্ছামতো দেওয়া হয় না; আগে থেকে নির্ধারিত তালিকা অনুসরণ করে নামকরণ করা হয়।
ইরানের প্রস্তাবিত ‘আকভান’ নামটিও সে তালিকার অংশ। এ অঞ্চলের সবশেষ ব্যবহৃত ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘মুরাসু’।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত ও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আরটিভি/এসএস




