
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের আটটি বিভাগের ওপর টানা পাঁচ দিন প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জলবায়ু গবেষক ও বাংলাদেশি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তবে সব বিভাগে সমান পরিমাণ বৃষ্টিপাত হবে না। খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
পোস্টে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমাগত বাড়তে পারে। এরপর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে। শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার দুপুর ১২টার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ২০ ও ২১ নভেম্বর বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের জেলাগুলোতে শুক্রবার থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকেই খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার ও শনিবার স্বাভাবিক সময়ের তুলনায় ২ থেকে ৬ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
সবশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে আগামী রোববার পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ হবে- খুলনা বিভাগের জেলাগুলো: ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত। ঢাকা বিভাগের জেলাগুলো: দক্ষিণ দিকের জেলাগুলো: ১৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত। উত্তর দিকের জেলাগুলো: ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত। বরিশাল বিভাগের জেলাগুলো: ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো: উত্তর দিকের জেলাগুলো: ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত। দক্ষিণ দিকের জেলাগুলো: ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত।
রাজশাহী বিভাগের জেলাগুলো: ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত। ময়মনসিংহ বিভাগের জেলাগুলো: ৫০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত। সিলেট বিভাগের জেলাগুলো: ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। রংপুর বিভাগের জেলাগুলো: ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত। ঢাকা শহর: ৫০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত।
আরটিভি/ এসকেডি


-1795064106-416569_1795064154.jpg)

