
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরছে বৃষ্টি, কমেছে তাপমাত্রা। তবে এই বৃষ্টিকে শীতের স্থায়ী আগমন ভাবার সুযোগ নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বলছে, নভেম্বরের এই বৃষ্টি সাময়িকভাবে ঠান্ডার অনুভূতি বাড়ালেও শীতের স্থায়ী আগমনের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কেটে গেলে আগামী রোববার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর তাপমাত্রার ওঠানামা চলতে পারে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমার প্রবণতা বাড়লে শীতের আমেজও স্পষ্ট হবে। তাই নভেম্বরের বৃষ্টিকে আগাম বার্তা বলা গেলেও একে শীতের পূর্ণ আগমন বলা যাচ্ছে না।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে।
এই নভেম্বর রেইন কি শীত নামিয়ে দিবে?
নভেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি হয়েছে নাকি কম, তা এখন-ই বলা না গেলেও চলমান বৃষ্টির কারণে সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং আগামী কয়েক দিনও হতে পারে। তবে এটিকে শীতের স্থায়ী আগমন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, চলমান বৃষ্টিপাতের পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে সাময়িকভাবে ঠাণ্ডার অনুভূতি বাড়লেও সেটিকে শীতের স্থায়ী আগমন বলা যাবে না। কারণ বৃষ্টির পর সাময়িকভাবে তাপমাত্রা কমলেও পরবর্তী সময়ে আবার বাড়তে পারে।
মূলত, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, যার প্রভাবে উত্তরাঞ্চলে আগে শীতের অনুভূতি বাড়বে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে বলেও জানান তিনি।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলছেন, এ ধরনের আবহাওয়াব্যবস্থার প্রভাবে বৃষ্টিপাত হলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা কমে যায়। তবে শুধু বৃষ্টির কারণেই শীত নামে না। তার ভাষায়, নভেম্বরের শেষ দিকে এমনিতেই দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকে। ফলে সূর্যের তাপ পাওয়ার সময়ও কমে আসে। এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়তে থাকে।
তিনি বলেন, সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল বিরাজ করে। আর নভেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশে শীতের আগমনী পরিস্থিতি শুরু হয়। তবে শীতের তীব্রতা বছরভেদে কমবেশি হতে পারে।
এবারের শীত কেমন হতে পারে, সে বিষয়েও একটি ধারণা দিয়েছেন এই আবহাওয়াবিদ। ড. মল্লিকের মতে, চলতি মৌসুমে বাংলাদেশে তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, গত ৩০ বছরের তুলনায় এবার শীতকালে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হতে পারে। এমনকি শীতের সামগ্রিক স্থায়িত্বও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
তবে এর অর্থ এই নয় যে শীতকালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না বা শৈত্যপ্রবাহ হবে না।
আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ প্রসঙ্গ বলা হয়েছে, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
আরটিভি/এসআর



