
তরুণ কবি শহীদুল ইসলাম বাবুলের প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতার মাঝে জীবনের গল্প’ প্রকাশের মাধ্যমে সাহিত্যাঙ্গনে আত্মপ্রকাশ করেছেন। ৬০টি চতুর্দশপদী কবিতায় উঠে এসেছে প্রেম-ভালোবাসা, বিরহ, আনন্দ, দেশ ও প্রকৃতির নানা অনুষঙ্গ।
কবিতা মানুষের মনের কথা বলার এক অনন্য মাধ্যম। কখনো প্রেম-ভালোবাসার কোমল অনুভূতি, কখনো বিরহের নীরব বেদনা, আবার কখনো দেশ ও প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ কবিতার পঙ্ক্তিতে জীবন্ত হয়ে ওঠে। কবিতার সৌন্দর্য এখানেই, যেখানে অল্প কথায় প্রকাশ পায় জীবনের নানা অভিজ্ঞতা ও অনুভূতি।
প্রথম কাব্যগ্রন্থের মধ্য দিয়ে কবি শহিদুল ইসলাম বাবুল বাংলা কবিতার জগতে নিজের ভাবনা ও অনুভূতি তুলে ধরার প্রয়াস নিয়েছেন। তিনি জানান, কবিতার প্রতি ভালোবাসা, কল্পনাশক্তি এবং ব্যক্তিগত অনুভূতিকে শব্দে প্রকাশ করার আগ্রহ তার এই বইয়ের মূল প্রেরণা। একজন তরুণ কবির সাহিত্যযাত্রায় প্রথম বই নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ‘কবিতার মাঝে জীবনের গল্প’ পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে এবং কবির আগামী দিনের সৃষ্টিশীল পথচলাকে আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা করা যায়।
সাহিত্য দেশ প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে স্থান পেয়েছে মোট ৬০টি চতুর্দশপদী কবিতা। কবিতাগুলোতে প্রেম-ভালোবাসা, বিরহ, আনন্দ, দেশ ও প্রকৃতির নানা অনুষঙ্গ উঠে এসেছে। জীবনের চেনা অনুভূতি ও চারপাশের নানা অভিজ্ঞতা কবির নিজস্ব কল্পনা ও উপলব্ধির মধ্য দিয়ে কবিতার রূপ পেয়েছে। এর পাশাপাশি বইটিতে রয়েছে কিছু ব্যতিক্রমধর্মী কবিতা, যেখানে বিনোদনের ভিন্নধর্মী প্রয়াস লক্ষ করা যায়। বিষয়বৈচিত্র্যের এই সমাহার পাঠককে জীবনের বিভিন্ন দিক নিয়ে ভাবার পাশাপাশি কবিতার আনন্দ উপভোগের সুযোগ করে দেবে।
আরটিভি/এমএম




