
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তার সাহিত্যকর্মে ব্যবহৃত গানের সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ শ্রুতি আবৃত্তি অনুষ্ঠান ‘চাঁদনী পসরে’। আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি সংগঠন ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের অধিকর্তা শহীদূল হক মিল্কী।
অনুষ্ঠানটির নির্দেশনায় রয়েছেন জাহিদুর রহমান। আয়োজকদের পরিকল্পনায় হুমায়ূন আহমেদের ছোটগল্পের সাহিত্যিক আবেদন এবং তাঁর লেখায় ব্যবহৃত গানের আবহকে আবৃত্তি ও শ্রুতিনির্ভর পরিবেশনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরা হবে।
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ এক অনন্য নাম। সহজ ভাষায় গভীর জীবনবোধ, মানবিক সম্পর্ক, প্রেম, বিরহ, প্রকৃতি ও মানুষের মনোজগতের সূক্ষ্ম অনুভূতি তুলে ধরার অসাধারণ ক্ষমতা তাঁকে পাঠকের হৃদয়ে বিশেষ স্থান দিয়েছে। তার গল্পের চরিত্র, সংলাপ ও জীবনঘনিষ্ঠ বর্ণনা আজও পাঠক ও দর্শককে সমানভাবে আকৃষ্ট করে। তাঁর সাহিত্যকর্মকে আবৃত্তি ও সংগীতের সম্মিলিত পরিবেশনায় নতুনভাবে উপস্থাপনের মধ্য দিয়ে সাহিত্যপ্রেমীদের জন্য তৈরি হবে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক আবহ।
আয়োজক সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র মনে করে, এ আয়োজনের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে এবং আবৃত্তিচর্চার পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
অনুষ্ঠানের বিস্তারিত
• অনুষ্ঠানের নাম: চাঁদনী পসরে
• আয়োজন: স্বরকল্পন আবৃত্তিচক্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি
• অবলম্বন: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তাঁর ব্যবহৃত গান
• নির্দেশনা: জাহিদুর রহমান
• প্রধান অতিথি: আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
• বিশেষ অতিথি: মোহাঃ হারুন-অর-রশিদ, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ শিল্পকলা একাডেমি
• সভাপতিত্ব: শহীদূল হক মিল্কী, অধিকর্তা, স্বরকল্পন আবৃত্তিচক্র
• তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার
• সময়: সন্ধ্যা ৬টা
• স্থান: এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা।
মিডিয়া পার্টনার: চ্যানেল ২৪ ও দেশ রূপান্তর।
আরটিভি/এসআর


