
মানুষের জীবনে কিছু সম্পর্ক থাকে, যা রক্তের বাঁধনে তৈরি হয় না; তৈরি হয় আত্মার টানে, বিশ্বাসে এবং শ্রদ্ধায়। আমার জীবনে ঠিক তেমনই এক মহীরুহ, অগ্রজ, বন্ধু এবং মেন্টর—সাংবাদিক, কবি, সাহিত্যিক, নাট্যকর্মী ও সমাজ সংগঠক তানভীর আলাদিন। আগামী ২৬ নভেম্বর এই প্রিয় মানুষটির জন্মদিন। বয়সের ব্যবধান আমাদের দু’জনের মাঝে যথেষ্টই, কিন্তু সেই ব্যবধান কখনোই আমাদের সম্পর্কের গভীরতায় দেওয়াল হয়ে দাঁড়ায়নি। বরং বয়সের সেই দূরত্বকে ছাপিয়ে আমাদের আত্মার সম্পর্ক আজ আকাশজুড়ে সম্প্রসারিত।
জীবনের নানা বাঁকে, জটিল সময়ে কিংবা নিছক আড্ডায়—তানভীর আলাদিন ভাই এমন একজন আশ্রয়, যার কাছে মন উজাড় করে অসংকোচে সব কথা অবলীলায় বলা যায়। কোনো ভনিতা বা সংকোচ ছাড়াই মনের ভার হালকা করার এমন জায়গা বর্তমান সময়ে বড় দুর্লভ। আর বিনিময়ে তার কাছ থেকে অধিকাংশ সময়েই মেলে অত্যন্ত যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত পরামর্শ। তার নিখাদ নীতিনৈতিকতা, স্পষ্টবাদিতা এবং জীবনের প্রতি গভীর দর্শন আমাকে প্রতিনিয়ত মন্ত্রমুগ্ধের মতো টানে।
১৯৭০ সালের ২৬ নভেম্বর জন্ম নেওয়া এই মানুষটির সার্টিফিকেট নাম কাজি গোলাম আলাউদ্দিন হলেও সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি ‘তানভীর আলাদিন’ নামেই সর্বজনবিদিত। তার পৈতৃক নিবাস ফেনী জেলার মাথিয়ারা কাজি বাড়ি এবং মাতুলালয় কুমিল্লার পয়ালগাছা চৌধুরী বাড়ি (বর্তমানে চাঁদপুরের চাঙ্গিনী)। সদ্য প্রয়াত বাবা ছিলেন একজন আয়কর আইনজীবী এবং মা মরহুমা সাকিনা আহমেদ চৌধুরাণী। বাবা-মায়ের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ তানভীর আলাদিনের শিক্ষাজীবন কেটেছে ফেনী ও কুমিল্লায়। ব্যক্তিগত জীবনে সাবেক শিক্ষিকা আইনুন নাহার লিয়ার সঙ্গে দাম্পত্য জীবনে এই গুণী মানুষটি রাদিয়াহ্ কাজি ও রাফিয়া কাজি নামে দুই কন্যাসন্তানের জনক।
ছাত্রজীবন থেকেই অত্যন্ত প্রগতিশীল ও সক্রিয় তানভীর আলাদিন সরাসরি যুক্ত ছিলেন ছাত্র রাজনীতি এবং গ্রুপ থিয়েটার আন্দোলনের সঙ্গে। ৩৭ বছর আগে তিনি ছিলেন ফেনী থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা, বর্তমানে তিনি ওই সংগঠনের প্রধান সমন্বয়কারী হিসেবে মঞ্চনাটকের বিকাশে কাজ করে যাচ্ছেন।
পেশাগত জীবনে তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস)-এ জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত আছেন এবং সাংবাদিকদের বিভিন্ন অধিকার আদায়ের সংগঠনেও সক্রিয় ভূমিকা পালন করছেন। ব্যস্ত সাংবাদিকতা জীবনের পাশাপাশি বাংলা সাহিত্যের উপন্যাস, ছোটগল্প এবং বিজ্ঞান কল্পকাহিনি—এই তিনটি শাখায়ই তিনি রেখেছেন মুন্সিয়ানার ছাপ।
তার রচিত প্রথম উপন্যাস ‘হৃদিতা তুই এমন কেন’ প্রকাশের পরপরই ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। এছাড়াও ‘হৃদিতার ফ্রেন্ড রিকোয়েস্ট’, ‘ওসির নাম আলফু মিয়া’, ‘মন থেকে দিয়ে যাই শুভকামনা’, ‘হৃদি'ফু’, ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত ব্যতিক্রমী প্রেমের উপন্যাস ‘মাথিয়ারার মেয়ে’, গল্পগ্রন্থ ‘গল্পগুলো নীল রঙের’ এবং বিজ্ঞান কল্পকাহিনি ‘এলিয়েন ৬৯’ কাব্যগ্রন্থ ‘মায়া ও কানন’ ঘোড়ার ডিম’, ‘ঘোড়ার ডিম-২’ ‘পাইকারি কষ্ট স্টোর’, নাট্য পান্ডুলিপি ‘ঘর জামাইদের জনসভা’, ‘ইস্যু নিয়ে কিছু’ ও ‘ঢাকার জীবন ডটকম’ তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।
পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধ ও মোটরসাইকেল চালকদের নিরাপত্তায় সচেতনতা তৈরিতে গঠিত ‘বাইকার অ্যাওয়ারনেস সোসাইটি, বাংলাদেশ (বাচবা)’-এর আহ্বায়ক হিসেবে তিনি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছেন। গত দেড় দশকের বেশি সময় ধরে তিনি ‘ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া একাধিকবার তিনি ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা’র (এফএসএডি) সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বহুমাত্রিক এই প্রতিভাধর মানুষটির মুখ থেকে শোনা অনেকগুলো কথাই যেন একেকটি জীবনমুখী দর্শন। তানভীর আলাদিন ভাই প্রায়ই বলেন, ‘জীবনটা বাঘের অনুসরণে গড়ো, পিঁপড়ের না।’ এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, পিঁপড়ে তার শক্তির পুরো শ্রম দিয়ে সারাজীবন কেবল মজুদদারিই করে যায়, তবুও সে পিঁপড়েই থেকে যায়। অথচ বাঘ রাজসিক ভঙ্গিতে শিকার করে, তরতাজা এক পেট খেয়ে আগামীর মজুদের কোনো দুশ্চিন্তা না করেই নির্ভার হয়ে চলে যায়। কারণ বাঘ বিশ্বাস করে, বিধাতা তাকে কখনো উপোস রাখবেন না। তার এই দর্শন মানুষকে ক্ষুদ্র স্বার্থ ও সঞ্চয়ের মোহ কাটিয়ে আত্মবিশ্বাসী ও রাজসিক হতে শেখায়।
সংকীর্ণতাকে জয় করার মন্ত্র শিখিয়ে তিনি বলেন, ‘১০ কাঠার মালিক না ভেবে নিজেকে ১০ দিগন্তে পৃথিবীর মালিক ভাবতে শেখো, সুখ পাবে।’ মানুষের প্রতি মানুষের আচরণ কেমন হওয়া উচিত, সে বিষয়ে তার উপলব্ধি অত্যন্ত গভীর—তিনি মনে করেন, মানুষকে চোখ বুজে বিশ্বাস করা ঠিক নয়, তবে চোখ বুজে ভালোবেসে যাওয়া উচিত; তাতেই প্রকৃত শান্তি মেলে।
পেশাগত ও বৈষয়িক সাফল্যের সূত্র বাতলে দিতে গিয়ে তিনি অত্যন্ত চমৎকার একটি উপমা দেন—পণ্যের পসরা ধনীর দুয়ারে সাজাও, তবেই অধিক মূল্য পাবে। অর্থাৎ, নিজের মেধা ও যোগ্যতাকে সঠিক জায়গায় উপস্থাপন করতে জানতে হবে। জীবনের পথচলায় পরিকল্পনার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘গন্তব্য পরিকল্পনায় রেখে হাঁটো, তাহলে কোথায় থামতে হবে তা শেখা হবে; অন্যথায় দুর্ঘটনা অনিবার্য।’
ব্যক্তিগত সুরক্ষা থেকে শুরু করে আগামীর বিশ্ব—কোনো কিছুই তার তীক্ষ্ণ দৃষ্টি এড়ায় না। সড়ক নিরাপত্তার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই মানুষটি যেমন অটল থেকে বলেন, ‘হেলমেটকে বাইকের চাকার মতো সমান গুরুত্ব দাও’, তেমনি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে সতর্ক করে বলেন, ‘এআই-কে নিয়ন্ত্রণ করতে প্রশিক্ষিত হও, নইলে ভবিষ্যৎ তুমুল অন্ধকার।’
নিরহংকার, পরোপকারী ও আলোকিত এই মানুষটি তার কর্ম ও আদর্শের মাধ্যমে আমাদের মতো অসংখ্য অনুজকে আলোর পথ দেখিয়ে চলেছেন। ২৬ নভেম্বরের এই শুভক্ষণে প্রিয় তানভীর আলাদিন ভাইয়ের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।
তিনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন এবং তার এই বাঘের মতো রাজসিক জীবনদর্শন ও আলোকবর্তিকা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। শুভ জন্মদিন প্রিয় ভাই, প্রিয় মেন্টর!
আরটিভি/এমএম



