‘ডোনাল্ড লুর সফর ঘিরে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন’

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০৬:২৪ পিএম


রুহুল কবির রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের সাহেবরা খুব উত্তেজনার মধ্যে আছেন। তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। তারা মানসিক অস্থিরতায় ভুগছেন। ভয়ে তারা প্রলাপ বকছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) বিকেলে নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।  

রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতারা মনে করেন, লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন।’ কিন্তু বিএনপির নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেননি। ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ বকছেন। তিনি কি জ্বরে ভুগছেন কি না! মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে, অথচ ৭ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ২৫-২৬ হাজার নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করে। সে নির্বাচনে অন্য কোনো দল অংশ নেয়নি। জনগণও তাদের ভোট দিতে যায়নি। গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করে এখন তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না। গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছে তারা।

বিজ্ঞাপন

বিএনপির এ নেতা বলেন, সবদিক থেকে বাংলাদেশ ধ্বংসের কিনারায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ‘তার কর্মজীবনে অর্থনীতির এমন খারাপ অবস্থা দেখেননি।’ জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী বলেছেন, ‘বর্তমান অর্থনীতি ধ্বংসের জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছে।’ তাদের এরকম বক্তব্য থেকে বোঝা যায়, দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে। সুতরাং জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত করা যাবে না। তাদের প্রতিটি কাজ অবৈধ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission