‘ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে সরকার’

আরটিভি নিউজ

রোববার, ১৯ মে ২০২৪ , ১১:৪৫ পিএম


সাবের হোসেন চৌধুরী
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

রোববার (১৯ মে) সচিবালয়ে টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ই-বর্জ্য ব্যবস্থাপনার বিধিমালা প্রণয়ন করা হয়েছে এবং বেস্ট প্রকল্পের অধীনে একটি ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ করা হবে।
 
তিনি বলেন, সরকার টেকসই অ্যাজেন্ডা বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জ্বালানির পরিমিত ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস করতে কাজ করা হচ্ছে।
 
তিনি আরও বলেন, সরকার বাংলাদেশকে জলবায়ু সহনশীল দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) লক্ষ্য শিগগিরই সংশোধন করা হবে। বর্ধিত প্রযোজক দায়বদ্ধতা (ইপিআর) নির্দেশিকাগুলোর খসড়া জুনের মধ্যে চূড়ান্ত করা হবে।
 
এ সময় টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা বলেন, টেলিনর এশিয়া এ অঞ্চলে পরিবেশগত টেকসই ও জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে একটি টেকসই ভবিষ্যতের দিকে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবেদিত হয়ে কাজ করবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission