আজিজ-বেনজীর কার সৃষ্টি, প্রশ্ন ফখরুলের

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ মে ২০২৪ , ০৩:৫০ পিএম


আজিজ-বেনজীর কার সৃষ্টি, প্রশ্ন ফখরুলের
ছবি : সংগৃহীত

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ কার সৃষ্টি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে এর উত্তরও দিয়েছেন নিজেই।

বিএনপি মহাসচিব বলেছেন, ‘ডামি নির্বাচনে রাতের ভোটে বিজয়ীরা লুটপাট-অপকর্মে জড়িয়েছে। এখন আলোচনায় আসছে আজিজ-বেনজীরের অপকর্ম-লুটপাটের বিষয়। এই আজিজ-বেনজীর কার সৃষ্টি? এটা তো তাদেরই (আওয়ামী লীগ) সৃষ্টি।’

মঙ্গলবার (২৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, কোথা থেকে কোথায় এসেছেন এই আজিজ? বেনজীর আহমেদের হাজার হাজার কোটি টাকা লুটপাটের তথ্য বেরিয়ে আসছে। এই আজিজ-বেনজীরকে আওয়ামী লীগই তৈরি করেছে, লালন করেছে। এই এক-দুটো ঘটনা না, চারদিকে তাকিয়ে দেখুন, অপকর্মের-লুটপাটের শত শত ঘটনা রয়েছে। সব জায়গায় একই অবস্থা।

তিনি বলেন, ‘শাসকগোষ্ঠীর চামড়া মোটা হয়ে গেছে। তাদের যত কথাই বলুন কিছু যায়-আসে না, কর্ণপাত করে না। তাদের লক্ষ্য একটাই, সেটি হলো লুটপাট করা। ক্ষমতায় টিকে থাকার জন্য এবং সেই ক্ষমতাকে ভোগ করা ও লুট করার জন্য এটা করছে তারা।’

বিএনপি মহাসচিব বলেন, তাদের তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে বিজয়ীরা গ্রামেও লুটপাট করছে। মধ্যরাতের নির্বাচনের নেতারা এখন দেশের বাইরে লুটপাটের টাকা পাচার করছে। এক ভূমিমন্ত্রী দেশের বাইরে ৩৬৫টি ঘরবাড়ি করেছেন। আমাদের বয়স হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে মারামারি করতে পারবো না, এখন যুবকদের এগিয়ে আসতে হবে। স্বাধীনতার সময় দলমত ছেড়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আজ আবার সেই সময় এসে গেছে। আজ দেশ মুক্ত করতে হবে, দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে, পাচারকারীদের রুখে দিতে হবে।

আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিয়ে সেটাকে ধ্বংস করে দিয়েছেন। অথচ এই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব আপনাদের ছিল। বেগম খালেদা জিয়া জনগণের আস্থার ওপরে সেটাকে বাস্তবায়ন করেন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন। আজ ভোটের অধিকার নেই, ডামি নির্বাচনের মাধ্যমে রাতের আধারে ভোট অনুষ্ঠিত হয়।’

প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission