
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর সাইফউদ্দিনের দল থেকে বাদ পড়া নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছে বিসিবিকে। যেখানে তানজিম হাসান সাকিবের পর ভরসা রেখে দল গঠন করেছেন নির্বাচকরা। এবার বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন এই টাইগার পেসার।
বৃহস্পতিবার (৩০ মে) বিসিবির প্রকাশিত এক ভিডিওতে বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তানজিম সাকিব। এর আগে ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন তিনি।
তারপরেও তানজিম সাকিবের কণ্ঠে শোনা গেল স্বপ্ন পূরণের কথা, প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’
সাকিব বরাবরই আগ্রাসী মনোভাবের। ব্যাটারদের চোখে চোখ রেখেই চলেন সবসময়। তাকে দলের নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তার এই নিবেদনের কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আাশরাফ হোসেন লিপু। তাই তরুণ এই পেসারের এবারের লক্ষ্যটাও কেবল আধিপত্য দেখানো।
তিনি বলেন, এটা শুরু থেকেই ছিল। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। কখনও আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো।
তিনি আরও বলেন, আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশাআল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি।’




