
বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের (বিটা) সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১- এ অনুষ্ঠিত এই সভায় অংশ নেন ট্যাক্স ইন্সপেক্টররা।
সাধারণ সভায় ট্যাক্স ইন্সপেক্টরদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটির ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের (বিটা) সভাপতি মনোনীত হন মো. আমিনুল ইসলাম আকাশ ও মহাসচিব মনোনীত হন সহিদুজ্জামান সোহেল।
এ ছাড়া কার্যকরী সভাপতি মনোনীত হন আবির হোসেন চাকলাদার এবং কার্যকরী মহাসচিব মনোনীত হন এম ওবায়দুর রহমান শাহীন। সাধারণ সভায় সংগঠনের আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারিত হয়। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন সদস্যরা।
সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশ বলেন, পারস্পরিক সম্পর্কোন্নয়ন ও রাজস্ব আহরণে গতিশীলতা বাড়াতে ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সদস্যদের সুখে দুঃখে পাশে থাকবে সংগঠন।
সংগঠনের মহাসচিব সহিদুজ্জামান সোহেল জানান, অন্যান্য পেশাজীবী সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা এবং জাতীয় রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখতে কাজ করবে বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশন।




