
রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাচল ইয়ুথ ক্লাবের আয়োজনে প্রতিবছরের ন্যায় এ বছরও গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) ‘এসো মিলি ঈদের খুশিতে’ শীর্ষক এ আয়োজন উদ্বোধন করেন ক্লাবের সভাপতি মোঃ বদদুজ্জামান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্বাচল ইউনিট সভাপতি মোহাম্মদ স্বপন, শফিকুল চৌধুরী অটল, ক্লাবের সাধারণ সম্পাদক তুষার আহমেদ, সাংবাদিক তৌফিক অপুসহ আরো অনেকে।
আয়োজন প্রসঙ্গে ক্লাবের সভাপতি বলেন, নিজেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতা নিয়ে আমরা বেশ কয়েক বছর ধরে এই আয়োজনটা করে আসছি। ঢাকায় এখন সুস্থ ধারার ক্লাব বলতেই নেই। আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই ক্লাবটি সমাজের উপকারী একটি ক্লাব। সম্পূর্ণ অরাজনৈতিক ও মাদকমুক্ত একটি ক্লাব।
তিনি আরও বলেন, আশার কথা এই যে আমাদের এই আয়োজনে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্নজন সহযোগিতার হাত বাড়িয়েছেন, এতে আমরা ভবিষ্যতে আরো বেশি করে ঈদ উপহার বিতরণ করতে পারব। অনুষ্ঠানের শেষে ক্লাবের সাধারণ সম্পাদক সবাইকে ইফতার মাহফিলের দাওয়াত দেন, এবং ক্লাবের ভবিষ্যতের আরো সামাজিক কার্যক্রমের কার্যাবলী তুলে ধরেন।




