
রাজধানীতে বাসার টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে দেন মো. সজীব আহমেদ (২৭)। এরপর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
রোববার (৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে কলাবাগানে ঘনি কর্নার নামে একটি ভবনের পঞ্চম তলা থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সজীব লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পাঁচ পাড়া গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, রোববার রাতে খবর পেয়ে কলাবাগানের ওই বাসার টয়লেটের দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলে আছেন এক যুবক। পরে তার অন্য রুমমেটদের সহায়তায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, ওই যুবক আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, আমরা তার রুমমেটদের জিজ্ঞেস করে জানতে পেরেছি, গত দুইদিন আগে দেশের বাড়ি থেকে এসে তিনি এই বাসায় উঠেছেন। এরপর গতকাল রাতে টয়লেটে গিয়ে তিনি দরজা বন্ধ করে রাখেন। রুমমেটরা অনেক ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি আমাদেরকে অবগত করেন। এসআই বলেন, তবে কেন এ ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য ওই যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/আইএম/এস




