
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতভর গণপরিবহন, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত গাড়ি নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। এর আগে, ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
বিভিন্ন জেলা প্রতিনিধি জানান, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই নেতাকর্মীরা ঢাকার পথে ছুটছেন। শেষবারের মতো খালেদা জিয়াকে একনজর দেখার আশায় অনেকেই রাতের বাসে রাজধানীর পথে রওনা দিয়েছেন। এ ছাড়া, ভোলা, বরিশাল, চাঁদপুর থেকে নদীপথেও নেতাকর্মীরা ঢাকায় আসছেন। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেনেও নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।
প্রসঙ্গত, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজার নামাজ পড়াবেন। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
আরটিভি/কেএইচ




