
রাজধানীতে সামি নামের একজনকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই জানে আলম পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশান থানার পশ্চিম কালাচাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কলহের একপর্যায়ে বড় ভাই জানে আলম দা দিয়ে ছোট ভাই সামিকে আঘাত করেন। পরে আহত অবস্থায় সামিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের খালাতো ভাই মনির হোসেন বলেন, জামে আলম ও সামি সম্পর্কে সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটে।
গুলশান থানা পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। এ দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ত জানে আলমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/আইএম-টি




