
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অংশ নেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
জানাজার আগে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয় এবং তার বড় ভাই সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।
জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ। জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা শামীম আহমেদের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সেখানেই তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনরা।
আরটিভি/একে




