
চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে।
আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নিহত সাব্বির হোসেন ওই বাজারের জয়নাল ভ্যারাইটিজ স্টোরে শ্রমিকের কাজ করতেন। সে পার্শ্ববর্তী শালদাহ গ্রামের আরিফুর রহমানের ছেলে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- জয়নালের ভেরাইটিজ স্টোর, ইমাম হোসেনের ফার্মেসি, নজরুল ইসলামের পল্টি খাদ্যের দোকান, জহির হোসেনের ওয়ার্কশপ, রুবেলের সাইকেলের গ্যারেজ ও টেলু গাজীর ফার্নিচারের দোকান।
এ বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে সাব্বির হোসেন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একটি দোকানে শ্রমিকের কাজ করতেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমএ




