
রাজধানীতে ট্রেনের ধাক্কায় আব্দুল গনি (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ীর সায়েদাবাদ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. মিরাজ নামে এক পথচারী আব্দুল গনিকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, সায়েদাবাদ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল গনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়।
নিহতের ছেলে আশরাফুল আলম বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি, বাবা আর নেই। আমরা জানতে পেরেছি, সায়েদাবাদ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আমার বাবা নিহত হন। আমরা গেন্ডারিয়ার করাটিটোলার ২৫/এ/১ নম্বর বাসায় থাকি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
আরটিভি/আইএম




