
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি হাতে আতঙ্ক সৃষ্টির অভিযোগে শাহ আলী শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) রাতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি দল গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে সোমবার (২০ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বিভিন্ন অপরাধে তিনি ইতোমধ্যে কয়েক মাস জেলও খেটেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এর আগে, গত ১৫ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে চাপাতি হাতে আতঙ্ক সৃষ্টি করেন ওই যুবক। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে যাত্রী নিরাপত্তা নিয়ে।
এরপর রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। শেষ পর্যন্ত গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরটিভি/আইএম




