
রাজধানীর সায়েদাবাদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রাতে আমরা খবর পেয়ে সায়েদাবাদ ভিখার গলির ফারুকের নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি ও অর্ধগলিত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। আমরা তার পরিচয় সনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেই। কিন্তু লাশ পচে যাওয়ায় তার ফিঙ্গার নেওয়ার মতো কোনো অবস্থা নেই।
তিনি আরও বলেন, পরে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাত-পা বেঁধে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরটিভি/আইএম




