
রাজধানীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলগাঁও থানার পূর্ব গোড়ান আদর্শ স্কুলের গলির সামনে এ ঘটনা ঘটে।
আহতের নাম সম্রাট সানি (২৫)। তিনি শরীয়াতপুরের ডামুড্যা থানার ধুপখোলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও বর্তমানে খিলগাঁও পূর্ব গোড়ান আর্দশ স্কুল গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।
আহতের ভাই রবিউল ইসলাম বলেন, তালতলা বাজার এলাকা থেকে এক লাখ টাকা এনে বাসায় পৌঁছে দিতে এসেছিল সম্রাট। পথে পূর্ব গোড়ান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে কুপিয়ে টাকা নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সম্রাটের সঙ্গে একই এলাকার চিহ্নিত মাদককারবারি সাইদি (২৫), নুহু (১৯) ও তাদের সহযোগীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে সম্রাটকে কুপিয়ে গুরুতর আহত করে তার সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে তিনি বাসায় ফেরেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সাইদিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি নুহু ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি বলেন, সম্রাট, সাইদি ও নুহু—তিনজনের বিরুদ্ধেই মাদক ও চাঁদাবাজির ঘটনায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/আইএম




