
রাজধানীর ধানমন্ডি ও গুলিস্তানে রাজনৈতিক উত্তেজনার মাঝখানে দুইটি সহিংস ঘটনা ঘটেছে। ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারীকে মারধর করা হয়েছে। একই দিনে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামের এক রিকশাচালককে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া একদল বিক্ষোভকারী গণপিটুনি দিয়েছে।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ওই নারীকে বেধড়ক মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্লোগান দেওয়ার কারণে ওই নারীকে হেনস্থা করা হয় এবং পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
অন্যদিকে গুলিস্তানে বিকেলেই মোহাম্মদ বাবুকে ঘিরে বিক্ষোভকারীরা মারধর শুরু করে। তারা তাকে ‘আওয়ামী লীগের সমর্থক’ সন্দেহ করে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে। পুলিশ উপস্থিত থাকলেও অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এক পর্যায়ে রিকশাচালককে পাশের একটি মার্কেটে নিয়ে গিয়েও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশি গাড়িতে তোলা হয়, সেখানে আবারো হামলার শিকার হন তিনি। আহত মোহাম্মদ বাবুর বাড়ি বরিশালের নেহালগঞ্জে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উভয় ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এসব ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে, ফলে সবার প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
আরটিভি/এসকে




