
রাজধানীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপভ্যানের ধাক্কায় আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) রাতে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী হাসান জানান, গতরাতে ওই নারী হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। পরে আমরা কয়েকজন পথচারী ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারী আর বেঁচে নেই।
হাসান আরও জানান, আমরা আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই নারীর পরিচয় জানতে পারিনি। ঘাতক পিকআপ ভ্যান ও এর চালক রামপুরা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।
আরটিভি/আইএম




