
রাজধানীর মোহাম্মদপুরে যুবক শামসাদকে (২৫) অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাত সোয়া ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাজীব (২০), মো. রাজু (৩২), মো. সায়ন (১৮), মো. জাহিদ (২৫), মো. পৃথিবী (২৫), মো. সজীদ (২১), মো. সরফরাজ (২১), মো. কবির হোসেন (২২) ও মো. বশির (৫৩)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শামসাদকে অপহরণ ও নির্যাতন ঘটনায় অপরাধীদের অবস্থান শনাক্ত করে বাসিলা সেনা ক্যাম্প দ্রুত অভিযান পরিচালনা করে। এ সময় অপহরণ ও নির্যাতনে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পের ৪৬ পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, শামসাদকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন।
তিনি আরও বলেন, শামসাদকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় তাদের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, এ ঘটনায় ভুক্তভোগী শামসাদ গতকাল ১৩ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরটিভি/আইএম




