
রাজধানী মোহাম্মদপুরে বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় নিহতের বাবা কাশেমকেও কুপিয়ে জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা উদ্যান ডি ব্লকের ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
কাশেমের বোন আখতারী বেগম জানান, টাকা পয়সা নিয়ে সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান ৪ নাম্বার রোডে রাজীব নামে একজনের সঙ্গে হাতাহাতি হয় কাশেমের। পরে রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনে চার নাম্বার রোডে গেলে কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে রাজিব, সবুজ, রুবেল ও মোহনসহ আরও অজ্ঞাত বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জেনেছি, টাকা-পয়সার লেনদেন নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। বাসার সামনে একটি মুদির দোকান আছে তাদের। এখানেই প্রথমে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় তার বাবা কাসেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাটি যারা ঘটিয়েছেন তাদের ধরতে ইতোমধ্যে পুলিশের অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ




