
রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে জনি দাস (৩৫) নামের এক অটোচালক নিজের অটোরিকশা খুইয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে লালবাগের ছোট বাটা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
জনি দাস লালবাগের বেলতলি শেখ সাহেব বাজার এলাকার হরি জীবন দাসের ছেলে বলে জানিয়েছেন স্বজনরা।
জনি দাসের ভাই রকি দাস বলেন, আমার ভাই পেশায় একজন অটোরিকশা চালক। রাতে ছোট বাটা মসজিদ এলাকায় অজ্ঞান পার্টির প্রতারক চক্ররা খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাকে অচেতন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা বিষয়টি মোবাইল ফোনে আমাদের জানালে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি।
তিনি আরও বলেন, এরপর অচেতন অবস্থায় আমার ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি নেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে লালবাগ থেকে অচেতন অবস্থায় ওই অটোচালককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা দেখে মেডিসিন বিভাগে ভর্তি নেন জরুরি বিভাগের চিকিৎসক।
তিনি আরও বলেন, বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
আরটিভি/আইএম




