
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে টানা আন্দোলন করেও সাড়া মেলেনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। কমিশন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে ঢাকাসহ ৮ বিভাগে পরীক্ষা নেবে। এমন পরিস্থিতিতে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেওয়া, পুরোনো ও নতুন পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি এবং আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন চালানোর কারণে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে।
পরীক্ষার্থীদের দাবি, লিখিত পরীক্ষার নতুন সময়সূচি না বদলানোয় বহু শিক্ষার্থী বাস্তবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। তাই ‘মানবিক বিবেচনা’ থেকে পরীক্ষাটি পিছিয়ে নেওয়ার আহ্বান আর গুরুত্ব পায়নি বলেই তারা বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
আন্দোলনকারীদের মুখপাত্র সাইফ মুরাদ বলেন, আমরা সরকারের ওপর আস্থা রেখেছিলাম। কিন্তু একাধিক পক্ষ একত্র হয়ে আমাদের সঙ্গে জুলুম করল। আমরা এই লিখিত পরীক্ষা বর্জন করছি। আমাদের সঙ্গে আরও অনেকেই বর্জন করবে। এই বিসিএস হবে সর্বকালের সব থেকে কম পরীক্ষার্থীর বিসিএস।
লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছিল। গতকাল মঙ্গলবার আন্দোলনকারীদের যমুনা অভিমুখী পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এতে আহত হন অন্তত ১৫ জন। শাহবাগ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীদের একটি অংশ।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামীকাল (২৭ নভেম্বর) শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
আরটিভি/এমএ




