
রাজধানীতে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু রায়হান নামে এক পথচারী ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, তেজগাঁও নাখালপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আমরা তাকে ঢামেকে নিয়ে আসি। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের নামপরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নামপরিচয় শনাক্ত করা হবে।
আরটিভি/আইএম




