
রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে ইডেন কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে সকাল সাড়ে ৯টার দিকে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের নাম অর্পিতা মুখার্জি। তিনি রংপুর সদর জেলার মহিগঞ্জ এলাকার অরূপ মুখার্জির মেয়ে ও ইডেন কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি আজিমপুর কলোনীতে থাকেন।
অর্পিতাকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী প্রবিতা জানান, সকাল ৮টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশ দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় ছিনতাইকারীরা সিএনজি থেকে ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে অর্পিতা রিকশা থেকে নিচে পড়ে গিয়ে ডান পায়ে ও হাতের কব্জিতে আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মতিঝিল এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়ে এক ইডেন ছাত্রী ঢামেকে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
আরটিভি/আইএম




