সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানিয়ে রাজধানীর গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’। আগামীকাল (১৬ ডিসেম্বর) এটির নামফলক উন্মোচন করা হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সভাপতিত্ব করবেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে।
এর আগে, ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর গুলশানে ভারতীয় দূতাবাসের সামনে অবস্থিত ওই সড়কটিকে ‘শহীদ ফেলানি সড়ক’ হিসেবে ঘোষণা করে একটি সংগঠন পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক) নামফলকও স্থাপন করেছিল। দীর্ঘদিন ধরেই অনেক নাগরিক এবং বিভিন্ন সংগঠন ওই সড়কটির নাম ‘শহীদ ফেলানি সড়ক’ করার দাবি তুলছিল।
প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ১৫ বছর বয়সী ফেলানী বাবার সঙ্গে ভারত থেকে দেশে ফেরার পথে বিএসএফের গুলিতে নিহত হয়। তার মরদেহ কাঁটাতারে প্রায় চার ঘণ্টা ঝুলে থাকার ঘটনাটি দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
আরটিভি/আইএম





