
রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর আল-ফালা মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. ফারুক (২০) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে ও বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করতেন।
নিহতের বাবা নৈশপ্রহরী মোহাম্মদ আলম বলেন, আমার ছেলে আজ (১৬ ডিসেম্বর) কাজে যায়নি, সারাদিন বাড়িতেই ছিল। বিকেলে আলম নামের এক বন্ধু ফোন করে বাইরে ডাকে। ফারুক ফ্রেশ হয়ে আসছি বলে বের হয়। কিছুক্ষণ পর জানতে পারি, তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে গেছে। পরে হাসপাতালে গিয়ে শুনি মারা গেছে।
অভিযোগ করে তিনি বলেন, ফারুকের বন্ধুরাই ওকে হত্যা করেছে।
নিহতের বন্ধু সজীব জানান, ফারুক সন্ধ্যায় কাজলার নয়ানগর আল-ফালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ৮-১০ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ফারুকের বুকের ডান পাশে ও কোমরের ডান পাশে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান, ফারুক আর নেই।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরটিভি/আইএম




