রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) ভোরে ধানমন্ডি ও বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. হানিফ কাজী (৫১) ও মো. রশিদুল ইসলাম (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা প্রথমে রিকশার যাত্রী সেজে গন্তব্যে যায়। পরে চালককে বিভিন্ন অজুহাতে দোকান থেকে সিগারেট বা অন্য কোনো মালামাল আনতে পাঠিয়ে সুযোগ বুঝে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এভাবে তারা প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে আসছিল।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/আইএম



