
রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় বাবা-মায়ের বকাঝকার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়া অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, পড়াশোনায় অমনোযোগী এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত ছিল ওই ছাত্রী। এ কারণে তাকে শাসন করেন বাবা-মা। এর দুই দিন পর সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুড়িল চৌরাস্তা এলাকার বাসা থেকে বের হয়ে যায় সে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরদিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। জিডির পর তদন্তে নামে পুলিশ।
পরে তদন্তের মাধ্যমে ওই ছাত্রীকে তার এক বান্ধবীর বাসা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পরিবারের সদস্যদের বকাঝকার ওপর অভিমান করেই সে বাসা ছেড়ে বান্ধবীর বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিল।
ভাটারা থানার জিডির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, বিষয়টি জানার পর তদন্ত করে ওই ছাত্রীকে তার বান্ধবীর বাসা থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বকাঝকা করায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বাসা থেকে বের হয়ে বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছিল ওই শিক্ষার্থী।
আরটিভি/এসকে




