
রাজধানীতে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় করা মন্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই যুগ্ম কমিশনার বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এই কথা বলল কেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।
এর আগে সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়ন ইস্যুতে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের রাজপথের আন্দোলন নিয়ে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
ওই সময় কথার একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলতে শোনা যায়, আমরা তো এই ৩ দাবিতে অনবরত রাজপথে আছি, সরকার তো এই দাবিগুলো মানছে না। ১১ দল জোটটা এই দাবিগুলো করে যাচ্ছে, এই দাবিগুলো মানলেই তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।
আরটিভি/এসআর



